দখলদারদের দৌরাত্ম্যে বিপন্ন লাকুরতলা খাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা শহরের উপকণ্ঠে খাকদোন নদের সংযোগস্থল থেকে লাকুরতলা খালটির প্রায় এক কিলোমিটার এলাকার দুই পাড় দখলের কারণে সংকুচিত হয়ে পড়েছে। ফলে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় সদর উপজেলার বেশ কিছু এলাকার কৃষকেরা জমিতে সেচ দিতে পারছেন না। পাশাপাশি খালসংলগ্ন কয়েকটি এলাকায় বর্ষা মৌসুমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এ ছাড়া বর্ষা মৌসুম বাদে খালটি দিয়ে পণ্য পরিবহনও বন্ধ হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনা সদরের গৌরিচন্না ইউনিয়নের পূর্বদিকের প্রায় ১০টি এলাকা এবং ফুলঝুরি ইউনিয়নের অধিকাংশ এলাকার সেচ ও পয়োনিষ্কাশনের কাজে এই খালটি ব্যবহূত হয়। এ ছাড়া এসব এলাকায় উৎপাদিত কৃষিপণ্য আনা-নেওয়া এবং বর্ষাকালে মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই খাল।স্থানীয় বাসিন্দারা জানান, ১০ বছর আগেও লাকুরতলা স্লুইসগেট থেকে ফুলঝুরি ইউনিয়নের বুর্জিরহাট পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এই খালটির প্রস্থ ছিল প্রায় ২৫০ ফুট। দখল হয়ে যাওয়ায় সংকুচিত হয়ে বর্তমানে খালটির প্রস্থ ৪০-৪৫ ফুটে এসে দাঁড়িয়েছে। বিশেষ করে খাকদোন নদের সংযোগস্থলে লাকুরতলা স্লুইসঘাট এলাকা থেকে উত্তরে মহাসড়ক সেতু পর্যন্ত খালের দুই পাড়ে প্রায় এক কিলোমিটার জুড়ে বেপরোয়াভাবে দখল করা হয়েছে। এ এলাকায় এরই মধ্যে প্রায় ২৫০টি বিভিন্ন ধরনের পাকা-আধাপাকা স্থাপনা গড়ে তোলা হয়েছে। দখলপ্রক্রিয়া অব্যাহত থাকায় অচিরেই খালটির অস্তিত্ব বিলীন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, লাকুরতলা স্লুইসঘাটের পশ্চিম পাড়ে খালের চর দখল করে গড়ে উঠেছে কমপক্ষে ৩০টি ঘরবাড়ি। এ ছাড়া পেছনের অংশে বাঁশের পাইলিং দিয়ে বালু ও মাটি ফেলা হয়েছে। পূর্বপাড়েও একইভাবে ৪০টির মতো স্থাপনা গড়ে তোলা হয়েছে।স্লুইসঘাট এলাকার ধান-চাল ব্যবসায়ী খোকন সমাদ্দার বলেন, এই খাল দিয়ে বুর্জিরহাটসহ আশপাশের তিনটি ইউনিয়নের ব্যবসায়ীরা নৌপথে মালামাল পরিবহন করেন। কৃষকেরা তাঁদের উৎপাদিত কৃষিপণ্য বরগুনায় বিক্রি করার জন্য নিয়ে আসেন। আগে সারা বছরই এই খাল ব্যবহার করা যেত। দখল হয়ে যাওয়ায় এখন কেবল বর্ষা মৌসুম ছাড়া সারা বছরই নৌ-চলাচল বন্ধ থাকে। বর্তমানে খালটি যেভাবে দখল করা হচ্ছে তাতে অচিরেই এটির অস্তিত্ব থাকবে না বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। লাকুরতলা গ্রামের কৃষক আবদুর রাজ্জাক বলেন, পানি প্রবাহ কম থাকায় তিনি জমিতে সেচ দিতে পারেন না। আবার বর্ষার সময় পুরো এলাকা পানিতে তলিয়ে থাকায় বীজতলা নষ্ট হয়ে যায়। এতে এই এলাকার কয়েক শ একর জমির আউশ-আমন চাষ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কৃষক আবদুল খবির বলেন, ‘মোগো চাষবাস তো শ্যাষ অইয়্যা গ্যাছে। যহন পানি লাগে হেই সময় এক ফোঁটা পানি পাই না। আবার বর্ষার সময় পুরা এলাকা ডুইব্যা থাহে। খালডারে এক্কেবারে খাইতে খাইতে মাইর‌্যা হালাইছে। এই খাল না থাকলে মোগো মরণ ছাড়া কোনো উপায় থাকবে না।’লাকুরতলা এলাকার বাসিন্দা মইনুদ্দিন মিয়া বলেন, ‘বর্ষার সময় আমাদের এলাকা বিশেষ করে লাকুরতলা, সোনালীপাড়াসহ আশপাশের বিস্তীর্ণ এলাকার বাড়িঘর জলাবদ্ধতার কবলে পড়ে। ঘরের মধ্যে পানি ঢুকে পড়ে। রান্নাবান্না পর্যন্ত করা যায় না।’ এ ব্যাপারে যোগাযোগ করা হলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি খুবই গুরুতর। এ ব্যাপারে তিনি সহকারী কমিশনারকে (ভূমি) ব্যবস্থা নিতে বলবেন।