দখলদারদের দৌরাত্ম্যে সংকুচিত রাজধানীর ১৮টি খাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরিকল্পিত নগরায়ণ ও ভূমিদস্যুদের বেপরোয়া কার্যক্রমে ঢাকা সিটি করপোরেশনের আওতাধীন ৪৩টি খালসহ রাজধানীর অসংখ্য খাল হারিয়ে গেছে। স্বাধীনতার পর মাত্র তিন যুগের ব্যবধানে ২৫টি খাল বিলুপ্ত হয়েছে। দখলদারদের দৌরাত্ম্যে বাকি ১৮টি খালের অস্তিত্ব ক্রমেই সংকুচিত হচ্ছে।গতকাল বৃহস্পতিবার পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) আয়োজিত দক্ষিণ কেরানীগঞ্জে কালীগঞ্জ বাজারের শুভাঢ্যা খালের জোড়া সেতুর খেয়াঘাটে জনসমাবেশে এসব তথ্য তুলে ধরা হয়। পবার চেয়ারম্যান আবু নাসের খান বলেন, শুভাঢ্যা খালপাড়ের বাসিন্দাদের সমর্থন ও পবার আন্দোলনে ২০০৮ সালে সরকার এ খালটি উদ্ধার করলেও আবারও দখলের কবলে পড়েছে। উল্লেখ্য, শুভাঢ্যা খালের বিভিন্ন জায়গা ইতিমধ্যে ভরাট করে মার্কেট বানিয়েছে ভূমিদস্যুরা। জনসমাবেশে উপস্থিত বক্তারা খালটি পূর্ণ দখলমুক্ত করে নাব্যতা ফিরিয়ে আনাসহ দখলদার ভূমিদস্যুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এতে লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতী, পবার গাজী লুত্ফুল কবীর, আতিক মোর্শেদসহ বুড়িগঙ্গা ও শুভাঢ্যাপাড়ের জনসাধারণ উপস্থিত ছিলেন। পরে এক প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।