দখলদারদের বাধায় আবারও খনন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দখলদারদের বাধায় আবারও বরগুনার খাকদোন নদের খননকাজ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এতে নদের নাব্যতা ফিরিয়ে আনা ও রক্ষার প্রচেষ্টা ভেস্তে যেতে বসেছে।
বিআইডব্লিউটিএর কর্মকর্তারা বলেন, বরগুনা নদীবন্দরের কার্যক্রম গতিশীল করতে খাকদোন নদের নাব্যতা ফিরিয়ে আনার লক্ষ্যে প্রথমে ২০১২ সালের জুন মাসে সীমিত পরিসরে খননকাজ শুরু করা হয়। এরপর ২০১৩ ও ২০১৪ সালে দুই দফায় নদটি খনন করা হয়। কিন্তু নদটির দুই পাড়ের কয়েক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ না করে বারবার খনন করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। পরে ২০১৫ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় ৯৫ কোটি টাকা ব্যয়ে খাকদোন ও বিষখালী নদী খননের একটি বড় প্রকল্প হাতে নেয় বিআইডব্লিউটিএ। এ প্রকল্পের আওতায় বিষখালী নদীর মোহনা থেকে চরকলোনি সেতু পর্যন্ত প্রায় সাত কিলোমিটার খননের কাজ শুরু হয়। কিন্তু বিষখালী নদীর মোহনা থেকে ক্রোক পর্যন্ত প্রায় চার কিলোমিটার নদের খননকাজ কোনোরকমে শেষ হলেও বাকি তিন কিলোমিটার নদ খনন করা যায়নি। ওই তিন কিলোমিটারে খননকাজ করতে গেলে ওই অংশের দক্ষিণ পাড়ের অবৈধ দখলদারেরা বাধা দেন। এ কারণে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে খননকাজ বন্ধ করে দেওয়া হয়।
বরগুনা নদীবন্দরের কর্মকর্তারা বলেন, প্রাক্কলন অনুযায়ী নদের মোহনায় প্রস্থে ৩৫০ ও অন্যান্য অংশে ২৫০ ফুট এবং ১৪ ফুট গভীর করে নদটি খননের কথা ছিল। কিন্তু দখলদারদের বাধার কারণে মোহনায় প্রস্থে ১৫০ ও অন্যান্য অংশে ১০০ ফুটের বেশি খনন করা যায়নি। নদটির উত্তর পাশে মোটামুটি গভীরতায় খনন করা গেলেও দক্ষিণ পাশে ক্রোক এলাকায় আর খনন করা যায়নি।
সরেজমিন জানা যায়, নদের দক্ষিণ পাড়ে চরকলোনি সেতু থেকে ক্রোক পর্যন্ত বিআইডব্লিউটিএর নির্ধারিত সীমানায় প্রায় ২ হাজার স্থাপনা রয়েছে। এর মধ্যে জেলা প্রশাসক কার্যালয়ের কয়েকজন কর্মচারী, প্রভাবশালী ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসব জমি দখল করে রেখেছেন। এদের মধ্যে অল্প কয়েকজনের অস্থায়ী বন্দোবস্ত থাকলেও বেশির ভাগেরই বন্দোবস্ত নেই।
বরগুনা-ঢাকা রুটের একটি লঞ্চের মাস্টার ইউনুস আলী বলেন, ‘যেভাবে নদটি কাটা হচ্ছে, আমাদের লঞ্চ চলাচলে সমস্যা হচ্ছে। ভাটির সময় পানি না থাকায় লঞ্চ ঘাটে (পন্টুনে) ভেড়ানো যাচ্ছে না। যাত্রীরা মাঝনদীতে কাদাজল ভেঙে কিনারে যেতে বাধ্য হচ্ছে।’ বরগুনা-ঢাকা রুটের আরেকটি লঞ্চের মাস্টার আইয়ুব আলী বলেন, বরগুনা নদীবন্দর রক্ষার জন্য অবৈধ দখল উচ্ছেদ করে খনন করা হলে নদীর নাব্যতা ঠিক রাখা যেত। এখন যাত্রী ও মালামাল ওঠানো-নামানো এবং জাহাজ চলাচলে যে অসুবিধা হচ্ছে, তাতে নৌবন্দর হয়ে এখানে কোনো লাভ হয়নি।’ বরগুনা লঞ্চঘাটের শ্রমিক সরদার শাজাহান মিয়া বলেন, নদীর দুই পাড় দখলমুক্ত না করে এভাবে বারবার খনন করলে এটা অর্থের অপচয় ছাড়া কোনো সুফল বয়ে আনবে না।
বরগুনা নদীবন্দরের কর্মকর্তা মামুন-উর-রশিদ বলেন, ‘আমরা এই বন্দরকে সচল করার জন্য নদ খননের উদ্যোগ নিয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রভাবশালী দখলদারদের বাধার মুখে এবারও তা ব্যর্থ হয়েছে। আমরা স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, প্রশাসন—সব পক্ষের সহযোগিতা চেয়েছি, কিন্তু তা পাইনি। ফলে বন্দরের কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। এভাবে চলতে থাকলে অচিরেই এই নদের অস্তিত্ব বিপন্ন হয়ে বন্দরটি বন্ধ হয়ে যাবে।’ তিনি বলেন, সব পক্ষ যদি এখনো সম্মিলিতভাবে নৌবন্দর ও নদী রক্ষার ব্যাপারে উদ্যোগী হয়, তবে এখনো খননযন্ত্র ফিরিয়ে এনে খনন কার্যক্রম শুরু করা সম্ভব।

বরগুনায় নবনিযুক্ত জেলা প্রশাসক বশিরুল আলম বলেন, ‘বিষয়টি সম্পর্কে দ্রুত খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’