ঘোষণা দিয়েও বগুড়ার আদমদীঘি উপজেলায় সান্তাহার-বগুড়া সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায়নি সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। কয়েকজন চালকল মালিক সওজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উৎকোচ দিয়ে সমঝোতা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে সওজ বলছে, এই অভিযোগ সত্য নয়। সরঞ্জাম না থাকায় অভিযান চালানো সম্ভব হয়নি।
উপজেলা সদরসহ সান্তাহার পৌর এলাকা, আদমদীঘি সদর, মুরুইল বাজার এলাকায় সওজের জায়গা দখল করে কয়েক শ অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের কার্যালয় ও ক্লাবঘর নির্মাণ করা হয়েছে।
গত ২৪ অক্টোবর সওজ বিভাগের বগুড়া কার্যালয় থেকে আদমদীঘি সদর ও সান্তাহার শহরে সড়কের দুই পাশে সওজের জমিতে অবৈধ স্থাপনা নিজ নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয় এবং মাইকিং করা হয়। তা না হলে ২৭ অক্টোবর উচ্ছেদ অভিযান চালানো হবে বলেও হুঁশিয়ার করা হয়। কিন্তু এ সময়ের মধ্যে কোনো অবৈধ স্থাপনা সরানো হয়নি। নির্ধারিত দিনে উচ্ছেদ অভিযানও চালানো হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে সান্তাহার এলাকার কয়েকজন ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, স্থানীয় কয়েকজন চালকল মালিক সওজের কর্মকর্তাদের মোটা অঙ্কের উৎকোচ দিয়েছেন। রহমান অ্যান্ড সন্স নামের চালকলের মালিক এই টাকা আদায় কাজের সমন্বয় করেন। তবে ওই কলের মালিক আতিকুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করেছেন।
সরেজমিনে দেখা গেছে, আদমদীঘি উপজেলা সদরে রাস্তার দুই পাশের জায়গা দখল করে গড়ে উঠেছে দুই শতাধিক অবৈধ স্থাপনা। এ ছাড়া সান্তাহার পৌর এলাকা, মুরুইল বাজারসহ রাস্তার মোড়ে মোড়ে গড়ে উঠেছে বহু দোকানপাট ও বিভিন্ন প্রতিষ্ঠান। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় আদমদীঘি উপজেলার বিভিন্ন রাস্তার পাশে সওজের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কিন্তু সরকার পরিবর্তনের পর থেকে অবৈধ দখলদারেরা আবার বেপরোয়া হয়ে ওঠে। তত্ত্বাবধায়ক সরকারের সময় যেসব স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, সেগুলো নতুন করে আরও মজবুত করে নির্মাণ করা হয়।
সান্তাহার শহরের পোঁওতা গ্রামের রেজাউল ইসলাম বলেন, রাস্তার পাশের জায়গা একের পর এক দখল হয়ে যাচ্ছে। কেউ কিছু করছে না।
আদমদীঘি বাজার এলাকায় সওজের জায়গায় দোকান নির্মাণ করেছেন হোসেন আলী। জানতে চাইলে তিনি বলেন, ‘সবাই জায়গা দখল করে ঘর করেছে। আমি করলে দোষ কোথায়? ভেঙে দিলে চলে যাব।’
মুরুইল বাজারের দোকানদার আবদুর রাজ্জাক বলেন, ‘আমি মাত্র একটা দোকানের জায়গা দখল করে ব্যবসা করে খাচ্ছি। অনেকে তো দোকান নির্মাণ করে ভাড়া দিচ্ছেন।’
বগুড়া-সান্তাহার যাত্রাপথের বাসচালক মোমতাজ আলী বলেন, যেভাবে রাস্তার দুই পাশে জায়গা দখল করে দোকানপাট গড়ে উঠছে, তাতে গাড়ি চালানো মুশকিল হয়ে পড়েছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটবে।
সওজের বগুড়া বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম বলেন, সান্তাহার এলাকায় ২৭ অক্টোবর উচ্ছেদ অভিযান চালানোর কথা ছিল। কিন্তু উচ্ছেদ সরঞ্জাম না পাওয়ায় তা সম্ভব হয়নি। তবে শিগগিরই উচ্ছেদ অভিযান চালানো হবে। উচ্ছেদ বন্ধে উৎকোচ নেওয়ার অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি।