শীতলক্ষ্যা নদীতে নারায়ণগঞ্জ নদীবন্দরের পূর্ব অংশে দুই একর মূল্যবান তীরভূমি বালু ফেলে ভরাট করার ঘটনায় দখলদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছে বিআইডব্লিউটিএ। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, সরেজমিন পরিদর্শন ও ভূমি অফিসের কাগজপত্র পর্যালোচনা করে দেখা গেছে, অবৈধভাবে নদীর তীর বালু ফেলে ভরাট করা অংশের ১৮০ শতাংশই সরকারি খাস খতিয়ানভুক্ত। স্থানীয় লোকজন জানিয়েছেন, নদী দখলের বিরুদ্ধে উচ্চ আদালতের কঠোর নির্দেশনা থাকলেও দখলদার হাবিবুর রহমান এলাকায় নারায়ণগঞ্জের প্রভাবশালী এক সাংসদের আশীর্বাদপুষ্ট লোক হওয়ায় স্থানীয় প্রশাসন তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে সাহস পাচ্ছে না। শীতলক্ষ্যা নদীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম অংশে আট মাস ধরে প্রশাসনের নাকের ডগায় ড্রেজারের মাধ্যমে শীতলক্ষ্যা নদীর দুই একর তীর অবৈধভাবে বালু ফেলে ভরাট করে ফেলা হয়। বন্দরের সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম গত বুধবার টেলিফোনে বলেন, প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হওয়ার পর ঈদের ছুটি শেষে তিনি কয়েকবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সংবাদ ছাপা হওয়ার পর অবৈধ দখলদারেরা সেখানে খেলার মাঠের সাইনবোর্ড লাগান। দখলদারেরা বালুর ওপরে পুরাতন মাটি ফেলে ঘাস লাগিয়েছেন, যাতে হঠাৎ কেউ গেলে মনে হয়, অনেক আগেই ভরাট করা হয়েছে। ভূমি অফিসের নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, নদীর তীরের ১৮০ শতাংশ জলাভূমি, যা সরকারি খাস খতিয়ানভুক্ত, অবৈধভাবে দখল করে বালু ফেলে ভরাট করা হয়েছে। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের ঊর্ধ্বতন উপপরিচালক সাইফুল ইসলাম জানান, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক নদীসংলগ্ন নিম্নাঞ্চল, জলাধার, নদীর তীর ভরাট করা সম্পূর্ণ নিষিদ্ধ। একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও হাবিবুর রহমান (পিতা মৃত আব্দুস সালাম মুন্সি, এইচ এম সেন রোড, বন্দর) নদী ভরাট করে নদীর পরিবেশ ও নাব্যতা নষ্ট করেছেন। তাঁর বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন ও জলাধার আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য জেলা প্রশাসকের কাছে লিখিত অনুরোধ জানানো হয়েছে। গত ৩০ আগস্ট প্রথম আলোতে ‘শীতলক্ষ্যা নদীর দুই একর তীর বালু ফেলে ভরাট’ শিরোনামে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়।