কক্সবাজার শহর ও উখিয়ার ১৮টি পাহাড় নিধন এবং নুনিয়াছটায় বন বিভাগের সবুজ প্যারাবন কেটে জমি দখলের অভিযোগে পরিবেশ অধিদপ্তর ৯৬ ভূমিদস্যুর বিরুদ্ধে পৃথকভাবে ১৯টি মামলা করেছে।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার ও গত বুধবার কক্সবাজার সদর মডেল থানা ও উখিয়া থানায় এই মামলা করেন।
এর সত্যতা নিশ্চিত করে সরদার শরীফুল ইসলাম বলেন, গত ২০ দিনে শহরের কলাতলী, আদর্শগ্রাম, লাইট হাউস, হিলটপ সার্কিট হাউস, পাহাড়তলী, সাহিত্যিকা পল্লি, সিটি কলেজ এলাকা, লারপাড়ার ১৭টি উঁচু পাহাড় নিধন, পাহাড়ি ভূমি দখল করে বসতবাড়ি নির্মাণের অভিযোগে ৯৩ দখলদারের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় পৃথক ১৬টি মামলা করা হয়েছে। এর মধ্যে গত বুধবার ৫৭ দখলদারের বিরুদ্ধে আটটি এবং গতকাল বৃহস্পতিবার ৩৬ জনের বিরুদ্ধে আরও আটটি মামলা করা হয়। এ ছাড়া শহরের বাঁকখালী নদীর তীরে বন বিভাগের সৃজিত প্যারাবন নিধন করে ভূমি দখলের অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে। উখিয়া উপজেলার রত্নাপালং পাহাড় নিধনের দায়ে স্থানীয় আবুল ফজরের বিরুদ্ধে উখিয়া থানায় করা হয় আরও একটি মামলা।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. জসীম উদ্দিন বলেন, পাহাড় নিধনের ১৬ মামলার অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের লাইট হাউসপাড়া, মহাজেরপাড়ার তিনটি পাহাড় ঘুরে দেখা গেছে, উঁচু পাহাড় কেটে কয়েক হাজার বসতবাড়ি তৈরি করা হয়েছে। কলাতলী, আদর্শগ্রাম, হিলটপ সার্কিট হাউস এলাকায় প্রকাশ্যে পাহাড় কাটা চলছে। লাইট হাউস পাহাড় কেটে একাধিক বসতবাড়ি তৈরি করেন স্থানীয় আবদুল কাইয়ুম, আবু তাহেরসহ অন্তত ৪০ জন।
আবদুল কাইয়ুম (৪৫) বলেন, ‘রাতের অন্ধকারে পাহাড় কাটে মিয়ানমারের রোহিঙ্গারা। আমরা তিন-চার লাখ টাকায় পাহাড়ি জমির দখলস্বত্ব কিনে ঘর তৈরি করেছি।’
কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, গত এক মাসে শহরের বাইপাস সড়ক, কলাতলী, সিটি কলেজ এলাকাসহ জেলার বিভিন্ন স্থানের অন্তত ২২টি উঁচু পাহাড় কেটে ফেলা হয়েছে। আসন্ন ঈদুল আজহার ছুটিতে আরও কিছু পাহাড় কেটে ফেলার প্রস্তুতি নিচ্ছে দখলদারেরা।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আবদুর রহমান বলেন, সম্প্রতি অভিযান চালিয়ে পাহাড় কাটার দুটি গাড়িসহ সাত ব্যক্তিকে আটক করা হয়েছে।