দখলমুক্ত না হওয়া পর্যন্তআন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডি খেলার মাঠ সর্বসাধারণের। এই মাঠ কোনো ব্যক্তি, গোষ্ঠী, ক্লাব বা রাজনৈতিক দলের নয়। সরকারকে এই মাঠ থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হবে। ধানমন্ডি মাঠসহ রাজধানীর উন্মুক্ত স্থানগুলো দখলমুক্ত না হওয়া পর্যন্ত নাগরিক সমাজ আন্দোলন চালিয়ে যাবে।

গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ধানমন্ডি খেলার মাঠের দখলদার উচ্ছেদ করো, জনতার মাঠ জনতার কাছে ফিরিয়ে দাও!’ শীর্ষক প্রতিবাদ সভায় দেশের বিশিষ্ট নাগরিকেরা এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, গ্রিন ভয়েস, সুন্দর জীবন, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সেবা, সিটিজেনস রাইটস মুভমেন্ট, সিডাস, পিস ও বিপিআই এ প্রতিবাদ সভার আয়োজন করে।

বাপার সহসভাপতি ও নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন। তিনি বলেন, পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করে ধানমন্ডি আবাসিক এলাকা গড়ে উঠেছিল। কিন্তু জনগণের সম্পত্তি এলাকার খেলার মাঠ ও খোলা জায়গা আজ বিশেষ মহলের সম্পত্তিতে পরিণত হয়েছে। তিনি মাঠ রক্ষায় জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং জনগণের মাঠ জনগণকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

যত দিন পর্যন্ত ধানমন্ডি মাঠ সবার জন্য উন্মুক্ত করা না হবে, তত দিন আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ। আর কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ধানমন্ডির মাঠের বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্টভাবে জনগণকে জানাতে হবে।

বাপার সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন ধানমন্ডি মাঠ রক্ষা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, সাধারণ মানুষের ধানমন্ডি মাঠে প্রবেশাধিকার নেই। ‘শেখ জামাল ক্লাব’-এর পক্ষে এই মাঠ দখলে রাখা বা একা ব্যবহারের জন্য কেউ অনুমতি দেয়নি। এই মাঠের উন্নয়নের জন্য দেশের কোনো কর্তৃপক্ষই তাদের দায়িত্বও দেয়নি।

প্রতিবাদসভায় আদালতের নির্দেশনা মেনে ধানমন্ডি মাঠ সবার জন্য উন্মুক্তসহ শেখ জামাল ক্লাবের সব স্থাপনা উচ্ছেদ ও ঢাকা সিটি করপোরেশনের হাত থেকে মাঠের দায়িত্ব গণপূর্ত বিভাগের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।