দখলমুক্ত হলো ফুটপাত-সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দখলমুক্ত হয়েছে রাজধানীর পান্থপথ থেকে ফার্মগেট আনন্দ সিনেমা হলে যাওয়ার পথে হাতের ডান দিকের সড়ক ও ফুটপাত। এই সড়ক দখল করে গড়ে উঠেছিল রিকশার অবৈধ গ্যারেজ। প্রথম আলোতে ‘পান্থপথ-ফার্মগেট সড়ক, রাস্তা-ফুটপাত দখল করে রিকশার অবৈধ গ্যারেজ’ শিরোনামে খবর প্রকাশিত হওয়ার পর কর্তৃপক্ষ এ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫ নম্বর জোনের প্রধান নির্বাহী এস এম আজিয়র রহমান বলেন, ‘প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর আমরা ওই সড়কে অভিযান চালিয়ে দখল উচ্ছেদ করি। আমাদের সহায়তা করে তেজগাঁও থানা।’

তবে স্থানীয় ব্যক্তিরা বলছেন, সড়ক দখলমুক্ত হলেও এখন মাঝেমধ্যে এই সড়কে গাঁজার আসর বসে ও গাঁজা বিক্রি হয়। রাতের বেলা আলোর স্বল্পতা থাকে। এই সড়কে ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। আলোর স্বল্পতার বিষয়ে জানতে চাইলে আজিয়র রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সমস্যা হলে আলোর স্বল্পতা দূর করা হবে। আর গাঁজার আসর ও বেচাকেনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ‘এখনই নির্দেশ দিচ্ছি, যাতে সেখানে এ ধরনের কোনো ঘটনা না ঘটে।’

উল্লেখ্য, রাজধানীর বিভিন্ন স্থানে দখলে রয়েছে ফুটপাত। ফুটপাতের দোকানগুলো টিকিয়ে রেখেছে স্থানীয় প্রভাবশালী ও প্রশাসনের একটি সিন্ডিকেট। তারা দোকানপ্রতি মাসে দুই থেকে তিন হাজার টাকা করে চাঁদা নেয়। আর এই চাঁদার কারণেই ফুটপাত দখলমুক্ত হয় না। চাঁদাবাজ এবং তাদের নেপথ্যে থাকা লোকজন নিয়মিত বখরা পায়। সে কারণে তারা ফুটপাতের অবৈধ বাণিজ্য টিকিয়ে রাখে। এর সঙ্গে পুলিশেরও যোগসাজশ রয়েছে।