দখলমুক্ত হলো গ্রিন রোডের ফুটপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিন রোডের পান্থপথ মোড় থেকে ফার্মগেট পর্যন্ত অংশের ফুটপাত গতকাল সোমবার সকালে দখলমুক্ত করেছে তেজগাঁও বিভাগের পুলিশ। সড়কটির ফুটপাত দখল করে অনেক দিন ধরে অবৈধ রিকশার গ্যারেজ ও ভ্রাম্যমাণ খাবারের দোকান করা হয়েছিল।
দখলমুক্ত করার পর সেসব রিকশা ও খাবারের দোকান ওই সড়কের পাশের গলি গার্ডেন রোডে এনে রাখা হয়। এতে ফুটপাত দখলমুক্ত হলেও গার্ডেন রোডে যানজট তৈরি হয়।
পুলিশ জানায়, গতকাল সকালে তেজগাঁও ও শেরেবাংলা নগর থানা-পুলিশের যৌথ অভিযানে পান্থপথ-ফার্মগেটের ফুটপাত দখলমুক্ত করা হয়। এ বিষয়ে পুলিশের তেজগাঁও জোনের উপকমিশনার সাত্যকি কবিরাজ বলেন, এটি তাঁদের নিয়মিত কাজের অংশ। এই ফুটপাতে অবৈধ রিকশার গ্যারেজ ও ভ্রাম্যমাণ খাবারের দোকান ছিল। এগুলো উচ্ছেদ করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ফুটপাত দখলমুক্ত হলেও এখানে থাকা রিকশা ও খাবারের দোকানের সরঞ্জাম রাখা হয়েছে পাশের গার্ডেন রোডে। এমনিতেই এই সড়কটি অপেক্ষাকৃত কম প্রশস্ত। এতে রিকশা ও দোকানের সরঞ্জাম রাখার কারণে এই পথ দিয়ে যানবাহন চলাচল করতে পারছিল না। দীর্ঘ যানজটের কবলে পড়েছেন এই পথের পথচারীরা।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সাত্যকি কবিরাজ বলেন, ওই রাস্তা দখলমুক্ত করার চেষ্টা করছেন তাঁরা। তবে উচ্ছেদে অংশ নেওয়া একাধিক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সমস্যাটা রাজনৈতিক। এখানে অনেক রাজনৈতিক প্রভাব আছে। এর আগেও তাঁরা এই ফুটপাত দখলমুক্ত করেছিলেন। পরে আবার দখল হয়েছে। এ সমস্যার যাতে স্থায়ী সমাধান হয়, এ চেষ্টাও তাঁরা করছেন।