দখলমুক্ত হলো রূপসার ফুটপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের রূপসা ট্রাফিক মোড় থেকে কলেজিয়েট গার্লস স্কুল পর্যন্ত এলাকার ফুটপাত দখলমুক্ত করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। গতকাল বুধবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়।
এই এলাকার পাশাপাশি নগরের সিমেট্রি রোড এবং জাতিসংঘ শিশু পার্ক এলাকার ফুটপাতেও অভিযান চালিয়ে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল বিকেলে সরেজমিনে দেখা যায়, ৩০ নম্বর ওয়ার্ডের খানজাহান আলী সড়কের ওই ফুটপাতে কোনো কাঠের আসবাবপত্র নেই। তবে ড্রেনের স্লাবের ওপর অবৈধ কাঠের দোকান এখনো আছে।
গতকাল প্রথম আলোর মহানগর পাতায় ‘ফুটপাত রাস্তা দোকানের দখলে’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়।
সিটি করপোরেশন, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল দুপুরে কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম জহুরুল আলমের নেতৃত্বে অভিযান চালানোর সময় অবৈধ দোকানের মালিকেরা তাঁর ওপর চড়াও হন। এ সময় তাঁরা দুটি ইজিবাইক ভাঙচুর করেন। ড্রেনের ওপর থেকে দোকান সরিয়ে নিতে সময় চান ব্যবসায়ীরা। এদিকে অভিযানের চিত্র ধারণ করার সময় খুলনার স্থানীয় পত্রিকা দৈনিক তথ্য-এর আলোকচিত্রী সাগর সরকারকে লাঞ্ছিত করেন ব্যবসায়ীরা।
গতকাল বিকেলে রূপসা ট্রাফিক মোড়ে কথা হয় একটি সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হাসান মাহমুদের সঙ্গে। তিনি বলেন, ‘দীর্ঘ সময় পর এখানকার ফুটপাত দিয়ে হাঁটার ব্যবস্থা হলো। নগরের সব জায়গার ফুটপাত যদি দখলমুক্ত করা যেত, আমরা হাঁফ ছেড়ে বাঁচতাম।’
এদিকে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে গত মঙ্গলবারও নিউমার্কেট থেকে ফেরিঘাট মোড় হয়ে ডাকবাংলা মোড়ের দুই পাশে অভিযান চালানো হয়। দখলমুক্ত করা হয় এসব এলাকার ফুটপাত ও সড়ক।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পুলিশ নিয়ে কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালাতে গেলে তাঁরা বাধার মুখে পড়েন। তারপরও অভিযান চালানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম জহুরুল আলম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, রূপসার ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। ড্রেনের ওপর থেকে অবৈধ দোকান সরানোর জন্য ব্যবসায়ীরা একটু সময় চেয়েছেন। পরে সেগুলোও সরানো হবে। অভিযানের পর যাতে আবার দখল না হয়, সেদিকেও নজর রাখা হবে।