ঢাকা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী রায়হানুল ইসলাম ও তার মা ইয়াসমিন হক চান সড়ক পারাপারে নিরাপদ পদচারী-সেতু ব্যবহার করতে। কিন্তু চতুর্মুখী পদচারী-সেতুটির সব কটি প্রবেশপথ দখল করে গড়ে উঠেছে রকমারি দোকান। সর্বত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে ময়লা-আবর্জনা। ইয়াসমিন হকের মতো কেউ আর এই পদচারী-সেতু মাড়ান না। সবাই চলাচল করেন পদচারী-সেতুর নিচ দিয়ে।
এ চিত্র পুরান ঢাকার বাংলাবাজার চৌরাস্তা মোড়ের। এই মোড়ে জনসন রোড, বাংলাবাজার, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও ইসলামপুর রোডের সংযোগস্থল। কিন্তু সেতুতে ওঠার সবগুলো সিঁড়ির মুখে আছে দোকান। কেউ আর ওপরে উঠতে পারেন না। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই পদচারী-সেতুর আশপাশে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, হিড ইন্টারন্যাশনাল স্কুল, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা ও ব্যবসাপ্রতিষ্ঠান।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবদুর রহমান মিয়াজী প্রথম আলোকে বলেছেন, ‘ফুটওভারব্রিজ ব্যবহারে মানুষকে বাধ্য করতে ফুটপাতে রেলিং দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া সেতুর নিচে ও ফুটপাতে অবৈধ দখলদারদের উচ্ছেদে কার্যক্রম চলছে। তা বাস্তবায়ন করা হলে সব শ্রেণির মানুষ হয়তো নিরাপদে চলাচল করতে পারবে।’ কিন্তু আদৌ কি মানুষকে সেতুর ওপরে তোলা যাবে—সেই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি তিনি।
সরেজমিনে দেখা যায়, পদচারী-সেতুর চারটি প্রবেশপথ দখল করে গড়ে উঠেছে ছোট টংদোকান। এর মধ্যে সেতুর দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্ব প্রবেশপথে রয়েছে বইয়ের দোকান। আর দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিম মাথায় চা-পানসহ রকমারি দোকান। এসব দোকানের চেয়ার-টেবিল ও দোকানদারদের ব্যবহার করা বাইসাইকেলসহ বিভিন্ন মাল রাখা আছে পদচারী-সেতুর সিঁড়িতে। আর দোকানে আসা লোকজন সিঁড়ির ওপরই খাবারের উচ্ছিষ্ট ফেলছেন। সেতুর বিভিন্ন স্থানে বসে ও শুয়ে আছে ভাসমান মানুষ; সেখানে অপেক্ষা করছেন ঢাকা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের কয়েকজন অভিভাবকও৷ এ ছাড়া সেতুর দক্ষিণ-পশ্চিম পাশে সড়কে রাখা দুটি ময়লার কনটেইনারের আবর্জনা চারপাশে ছড়িয়ে রয়েছে। সেতুর নিচে কয়েকটি লেগুনা পরিবহনের স্ট্যান্ডের কারণে সড়কে লেগে আছে তীব্র যানজট।
কলেজিয়েট স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ সোহেলকে সঙ্গে নিয়ে পদচারী-সেতুর নিচ দিয়ে সড়ক পার হচ্ছিলেন বাবা শরিফ উদ্দিন। সাংবাদিক পরিচয় শুনে তিনি বলেন, সন্তানের সঙ্গে প্রতিদিন ঝুঁকি নিয়েই সড়ক পার হন। পদচারী-সেতুতে ওঠার সিঁড়ি দখল, ভাসমান মানুষ ও মাদকাসক্তদের অবস্থানের কারণে উঠতে পারেন না।
পদচারী-সেতুর সিঁড়িতে বসে থাকা ঢাকা কলেজিয়েট স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, ‘ব্রিজ দিয়ে কেউ চলাচল না করায় এখানে বসে ছেলের জন্য অপেক্ষা করছি৷’
সিটি করপোরেশন সূত্র জানা যায়, বাংলাবাজার মোড় ব্যস্ত সড়ক হওয়ায় পথচারীদের পারাপারে ১৯৯৭ সালের দিকে এই পদচারী-সেতুটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু অনেক চেষ্টা করেও মানুষকে সেতুর ওপরে ওঠানো যায়নি।
পদচারী-সেতুর উত্তর-পশ্চিম মাথায় চায়ের দোকানি মো. আলম বলেন, ‘ওভারব্রিজের ওপর দিয়ে মানুষ চলাচল না করায় এখানে দোকান বসিয়েছি৷ কর্তৃপক্ষ চাইলে দোকান নিয়ে চলে যাব।’