দখলে দখলে রিক্ত-নিঃস্ব উত্তরা গণভবন
অবৈধ দখল, জলাশয় ভরাট, বৃক্ষ নিধনের কারণে ও সংস্কারের অভাবে নাটোরের উত্তরা গণভবন তার ঐতিহ্য হারাতে বসেছে। প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলীয় কার্যালয় হিসেবে ব্যবহূত ঐতিহাসিক এই স্থাপনা সংরক্ষণে প্রশাসনের ভূমিকাও যথেষ্ট নয় বলে মনে করেন স্থানীয় ব্যক্তিরা।প্রায় ৩০০ বছরের প্রাচীন দিঘাপতিয়া রাজবাড়িটি নাটোরের উত্তরা গণভবন হিসেবে পরিচিত। উত্তরা গণভবনের ৪৪ দশমিক ৩ একর জমির অনেকটাই এখন দখলদারদের কবলে। নিরাপত্তার স্বার্থে গণভবনের চারদিকে যে সুপ্রশস্ত খাল (পরিখা) কাটা হয়েছিল, তার অধিকাংশই স্থানীয় লোকজন ভরাট করে দখলে নিয়েছে। গণপূর্ত বিভাগের হিসাব মতে, ২০০৩ সালে এখানে ৮৭টি অবৈধ স্থাপনা ছিল। এর মধ্যে ১৩টি বাড়ি, একটি দলীয় কার্যালয়, একটি সমিতির কার্যালয় ও বাকিগুলো দোকান। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে নতুন করে অনেকে অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন। হালনাগাদ কোনো তথ্য গণপূর্ত কার্যালয়ে পাওয়া যায়নি।নাটোর-বগুড়া মহাসড়ক থেকে গণভবন চত্বরে ঢুকলেই দেখা যাবে, খাল ভরাট করে দোকান নির্মাণ করা হয়েছে। এরপর দক্ষিণের সীমানাপ্রাচীর ঘেঁষে সোজা পশ্চিমে গেলে দেখা যাবে, খালের দক্ষিণ অংশও দখল হয়ে গেছে। গণভবনের পশ্চিমে সীমানাপ্রাচীরের ওপারের খাল এখন খুঁজে পাওয়া যাবে না। সোজা উত্তর প্রান্তে গিয়ে দেখা যাবে, প্রাচীর ঘেঁষে পুকুর কাটা হয়েছে। পুকুরের পূর্বপাড় ভাঙতে ভাঙতে সীমানাপ্রাচীর ছুঁইছুঁই করছে। এরপর সীমানাপ্রাচীরের উত্তর প্রান্তে গিয়ে দেখা যাবে, অনেক আগেই এ পাশের খাল বিলীন হয়ে গেছে। খালের পশ্চিম প্রান্ত পুরোটাই ভরাট করে আবেদ আলী নামের এক ব্যক্তি বাড়ি নির্মাণ করেছেন।উত্তরের সীমানাপ্রাচীর ঘুরে পূর্ব দিকের পাকা রাস্তা হয়ে গণভবনের প্রধান ফটকে আসা যায়। পূর্ব পাশের কিছু অংশে খাল ছিল, যা বর্তমানে খুঁজে পাওয়া যাবে না। বাকি অংশে পুকুর, পানির ফোয়ারা, ঘোড়াশালা, মন্দির ও কাচারিবাড়ি রয়েছে। কাচারিবাড়িটি বর্তমানে দিঘাপতিয়া ইউনিয়ন ভূমি কার্যালয় হিসেবে ব্যবহূত হয়। ঘোড়াশালাটি বর্তমানে বালিকা শিশুসদন হিসেবে ব্যবহার হচ্ছে। পাশেই রয়েছে বিশাল আকৃতির দুর্গামন্দির, কালীমন্দির ও রাধা-কৃষ্ণের মন্দির। মন্দিরের মূল কক্ষ পূজা-অর্চনার কাজে ব্যবহূত হলেও বাকি কক্ষগুলো স্থানীয় ব্যক্তিদের দখলে।উত্তরা গণভবন চত্বরে গোল পুকুর, পদ্ম পুকুর, শ্যামসাগর, কাচারি পুকুর, কালী পুকুর ও কেষ্টজির পুকুর নামের ছয়টি পুকুর রয়েছে। এ ছাড়া গণভবনের ভেতরের চারপাশে সুপ্রশস্ত পরিখা রয়েছে। প্রতিটি পুকুর ও পরিখায় শানবাঁধানো একাধিক ঘাট রয়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় পুকুরগুলো ভরাট হয়ে গেছে। বছরের প্রায় আট মাস পানি থাকে না। ঘাট ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে।তবে সরকার এসব পুকুর ইজারা দিয়ে বছরের পর বছর অর্থ উপার্জন করছে। অথচ একবারের জন্যও এসব পুকুর সংস্কার করা হয়নি। বরং মাছ চাষের অজুহাতে পুকুরের পরিবেশ নষ্ট করা হয়েছে। পদ্ম পুকুরের ইজারাদার চিররঞ্জন মণ্ডল বলেন, ‘একসময় এই পুকুর পদ্ম ফুলে ভরে থাকতে দেখেছি। খুব ভালো লাগত পুকুরের পাড়ে বসে থাকতে। ১৯৭৪ সালে তৈয়ব আলী নামের এক ব্যক্তি সর্বপ্রথম এই পুকুর ইজারা নেওয়ার পর সব পদ্ম তুলে ফেলেন।’প্রাচীন এই অবকাঠামো ঘিরে অজস্র আম, জাম, কাঁঠাল, লিচু, মেহগনি, পাম, চন্দনসহ দুর্লভ জাতের গাছ লাগানো হয়েছিল। অযত্ন-অবহেলা ও বয়সের ভারে ইতিমধ্যে অনেক গাছ হারিয়ে গেছে। ভবনের প্রধান সড়কের দুই পাশে সারিবদ্ধ পামগাছ এখনো দেখা যায়। তবে পদ্ম পুকুরের পশ্চিম পাড় ভেঙে যাওয়ায় বিপুলসংখ্যক পামগাছ বিলুপ্ত হয়ে গেছে।প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের আবাসন ভবন (প্যালেস) ছাড়া আর কোনো অবকাঠামো সরকারের পক্ষ থেকে সংস্কার করা হয় না। ফলে, এই চত্বরের কারুকার্যখচিত কয়েকটি স্থাপনা ও মূর্তি বিলীন হতে বসেছে। গণভবনের প্রধান ফটকের সামনের ফোয়ারা দীর্ঘদিন ধরে অচল। সেখানে ময়লা-আবর্জনার স্তূপ করে রাখা হয়েছে।গণভবন ঘিরে মাদক ব্যবসায়ীরা সিন্ডিকেট গড়ে তুলেছে। দর্শনার্থীর বেশে অনেকে এখানে এসে নিরাপদে মাদক সেবন করেন। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, দখলদার আবেদ আলী, সাদেক হোসেন, বানু বেগমরা এখানে প্রকাশ্যে মাদক ব্যবসা করেন। তবে তাঁরা সবাই এ অভিযোগ অস্বীকার করেছেন। আবেদ আলী প্রথম আলোকে বলেন, ‘সবাই লেক ভরাট করে বাড়ি করেছে। আমিও করেছি। তবে বাড়ির কিছু জমি আমি গণভবনের এক সুবেদারের কাছ থেকে কিনে নিয়েছি।’নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বহুবার অভিযুক্ত ব্যক্তিদের মাদক ব্যবসার দায়ে গ্রেপ্তার করা হয়েছে। মাদক তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে। মাদকমুক্ত রাখার জন্য আমরা সচেষ্ট রয়েছি। আমাদের তৎপরতা আরও জোরদার করা হবে।’গণভবনের পাশের একটি স্কুলের শিক্ষক কামাল মৃধা বলেন, গণভবনের প্রাকৃতিক সৌন্দর্য আর নেই বললেই চলে। প্রশাসনের চোখের সামনে দখলদারেরা এখানকার জমি, পুকুর ও হ্রদ দখল করে নিচ্ছে। রক্ষার কোনো উদ্যোগ নেই।গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, ‘এর আগে দখলদারদের একবার উচ্ছেদ করা হয়েছিল, আবারও করা হবে। এর জন্য স্থানীয় লোকজনের সহযোগিতা দরকার। প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার জন্য আলাদা কোনো সরকারি বরাদ্দ থাকে না। তাই পুকুর সংস্কার, গাছ রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয় নয়। তা ছাড়া গণভবনের বাইরের অংশ আমাদের নিয়ন্ত্রণে না থাকায় সব ব্যাপারে খোঁজ রাখাও সম্ভব হয় না। পুরো বিষয়টা দেখভালের জন্য সরকারের বিশেষ উদ্যোগ দরকার।’