দখলে বেহাল কালির ছড়া
ক্রমাগত দখলে সংকুচিত হয়ে পড়েছে চট্টগ্রাম নগরের পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ পথ কালির ছড়া। অধিকাংশ জায়গায় ছড়ার দুই পাড় ও ভেতরের অংশ বেদখল হয়ে গেছে। ছড়া সংকুচিত হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে দেখা দেয় তীব্র জলাবদ্ধতা। এতে ছড়ার আশপাশের লক্ষাধিক মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
চট্টগ্রাম নগরের উত্তর পাহাড়তলী ও কাট্টলী এলাকার পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম হচ্ছে কালির ছড়া। নগরের বায়েজিদ এলাকায় অবস্থিত পাহাড় থেকে এ ছড়ার উৎপত্তি। এ ছড়া নগরের পাহাড়তলী ও উত্তর কাট্টলী হয়ে সাগরে মিশেছে। সিটি করপোরেশনের সূত্রমতে, এ ছড়ার দৈর্ঘ্য প্রায় ১৪ কিলোমিটার ও প্রস্থ এলাকাভেদে প্রায় ৩০ ফুট থেকে ৪০ ফুট পর্যন্ত।
তবে সরেজমিনে দেখা গেছে ভিন্ন চিত্র। কিছু কিছু জায়গায় ২০ ফুটের মতো থাকলেও বেশির ভাগ এলাকার ছড়ার প্রস্থ সর্বোচ্চ ১২-১৫ ফুট। সিটি করপোরেশনের উত্তর পাহাড়তলীর কাউন্সিলর আবদুস সাত্তার সেলিম প্রথম আলোকে বলেন, ‘শুকনো মৌসুমে ছড়ার জায়গা দখলের উৎসব শুরু হয়। রাতের আঁধারে ছড়ার পাড় ও ভেতরের অংশ দখল করে সীমানাপ্রাচীর নির্মাণ করে দখলদাররা। তাঁদের এই দৌরাত্ম্যে করপোরেশন অসহায় হয়ে পড়েছে।’
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, নগরের উত্তর কাট্টলীর বাগানবাড়ি এলাকায় ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে কালির ছড়া। একই এলাকায় ছড়ার ভেতরে রয়েছে বাঁশবাগান। উত্তর পাহাড়তলীর ছড়ারপাড় এলাকায়ও একই অবস্থা। আশপাশের দোকানের বর্জ্য ফেলা হচ্ছে ছড়ার ভেতরে। তবে ছড়ার সবচেয়ে বেশি দূরবস্থার চিত্র দেখা গেছে জানারখীল এলাকায়। ছড়ার জায়গা দখল করে গাছের খুঁটি দিয়ে প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করা হচ্ছে। এই অংশে বাইরে থেকে টিনের ঘেরাও দেওয়া হয়েছে। ভেতরে প্রবেশ করতে দিলেও কোনো কথা কিংবা পরিচয় দিতে অস্বীকৃতি জানান তত্ত্বাবধায়ক। এর একটু পর ছড়ার পানি প্রবাহের গতিপথের পুরোটাই সংকুচিত হয়ে পড়েছে।
কামাল উদ্দিন নামের স্থানীয় বাসিন্দা প্রথম আলোকে বলেন, ‘ছড়ার ভেতরে ঘর নির্মাণ করায় পানির মূল গতিপথ পরিবর্তিত হয়ে পড়েছে। পানি নিষ্কাশনের পর্যাপ্ত জায়গা না থাকায় এই এলাকায় প্রতিবছরই জলাবদ্ধতা সৃষ্টি হয়।’
মোহাম্মদ সেলিম নামের আরেক বাসিন্দা বলেন, ১০-১২ বছর আগে ছড়া ভরাট প্রক্রিয়া শুরু হয়েছে। বৃষ্টির সময় পুরো এলাকা ডুবে যায়। এতে মানুষের দুর্ভোগের সীমা থাকে না। এদিকে ছড়ার জানারখীল অংশে সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। স্থানীয় বাসিন্দারা সেতু নির্মাণের বিরোধিতা করে গত ৬ জানুয়ারি সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলমকে স্মারকলিপি দেয়।
এ ছাড়া তারা কালির ছড়া দখলমুক্ত করতে গত ২৮ ফেব্রুয়ারি উত্তর কাট্টলী এলাকায় অবস্থিত মেয়রের বাসভবনের সামনে মানববন্ধন করে।
স্থানীয় বাসিন্দা সৈয়দ জুনাইদুস সালাম বলেন, অপরিকল্পিতভাবে সেতু নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পুরো এলাকা পানিতে তলিয়ে যাবে। আর সেতু নির্মাণের চেয়ে ছড়ার পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা দূর করা এখন সবচেয়ে বেশি প্রয়োজন। কালির ছড়ার দুই পাড়ে প্রতিরক্ষা দেয়াল নির্মাণ ও উন্নয়নের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান স্থানীয় কাউন্সিলর আব্দুস সাত্তার। তিনি বলেন, কালির ছড়ার দখল ঠেকাতে প্রথমেই এর প্রকৃত সীমানা চিহ্নিত করতে হবে। এরপর অতি দ্রুত সংষ্কার করে এর দুই পাড়ে প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করতে হবে। ছড়া রক্ষায় এটিই একমাত্র সমাধান।