দখলে মৃতপ্রায় চট্টগ্রামের মরিয়ম বিবি খাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালের ভেতরে ১০ থেকে ১২টি বস্তিঘর। কিছু দূর এগোলেই চোখে পড়ে একটি পোশাক কারখানার ভবন চলে এসেছে খালের বুকে। এমনই অবস্থা চট্টগ্রামের পাথরঘাটার মরিয়ম বিবি খালের। দখলে দখলে খালটি এখন মৃতপ্রায়।
নগরের পাথরঘাটার নজু মিয়া লেন থেকে শুরু হয়ে ব্রিক ফিল্ড সড়ক, আশরাফ আলী সড়ক হয়ে কর্ণফুলীর সঙ্গে মিশেছে দেড় কিলোমিটার দৈর্ঘ্যের এ খাল। খালটি গড়ে ৪০-৫০ ফুট প্রস্থ থাকার কথা থাকলেও বাস্তবে তার দেখা মেলেনি কোথাও।
অভিযোগ রয়েছে, স্থানীয় লোকজনের পাশাপাশি আওয়ামী লীগের সমর্থকেরাও খাল দখলের সঙ্গে জড়িত। চট্টগ্রাম সিটি করপোরেশন ২০১১ সালের ১২ জানুয়ারি ১৭ জনকে দখল ছেড়ে দিতে নোটিশ দেয়।
স্থানীয় ব্যক্তিরা জানান, প্রভাবশালী ব্যক্তিরা প্রায় পুরো খাল দখল করে ফেলেছেন। যেটুকু আছে তাও নিয়মিত খনন করা হয় না। ফলে জোয়ার আর অল্প বৃষ্টিতে তলিয়ে যায় আশপাশের এলাকা। এতে দুর্ভোগে পড়ে অর্ধলক্ষাধিক স্থানীয় বাসিন্দা।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বলেন, ‘খালের জায়গা ছেড়ে দিতে অবৈধ দখলদারদের নোটিশ ও মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। খাল পুনরুদ্ধারে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’ নোটিশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন হারুনুর রশিদ, মোর্শেদ আলী, আজিজুল করিম চৌধুরী, নাছির উদ্দিন, আবুল মনসুর তাহের, আবদুল ওয়াজেদ, মো. হারুন, মো. জসিম উদ্দিন, নাজিম উদ্দিন, ফজলুল এলাহী গং, মো. জাবেদ, শফিকুল আলম, নাছির উদ্দিন চৌধুরী, বিজয় কৃষ্ণ দাশ, প্রদীপ দাশ ও মহানগর তাঁতী লীগের সভাপতি রাশেদ চৌধুরী। তাঁদের মধ্যে হারুনুর রশিদ, মোর্শেদ আলী, আজিজুল করিম চৌধুরী, আবুল মনসুর তাঁদের অবৈধ স্থাপনা সরিয়ে নিয়েছেন।
রাশেদ চৌধুরী বলেন, ‘আমরা খালের কোনো জায়গা দখল করিনি। বরং খালে আমাদের জায়গা আছে।’ আর মৃত ফজলুল এলাহীর ভাই পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলে আজিজ বলেন, ‘করপোরেশনের সঙ্গে যৌথভাবে জরিপ করে আমরা আমাদের জায়গা বুঝে নিয়েছি।’ যুবলীগের নেতা হিসেবে পরিচিত বিজয় কৃষ্ণ দাশ বলেন, ‘এ জায়গার মালিক জেলা প্রশাসন।’ বন্দোবস্তির জন্য আবেদন করলেও এখনো অনুমোদন পাননি বলে জানান তিনি।
ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল জানান, খাল খনন ও সংস্কারের জন্য এক কোটি ২০ লাখ টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে।