দখলে সংকুচিত শাহজালাল অ্যাভিনিউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরা মডেল টাউনের আজমপুর বাসস্ট্যান্ড থেকে শাহ্ কবীর মাজারগামী ছয় লেনের শাহ্জালাল অ্যাভিনিউ সড়কটি দখলের কারণে এখন দুই লেনে পরিণত হয়েছে। সড়কের দুই পাশের দুটি করে চারটি লেন দখলে নিয়ে নিয়মিত বসছে ফলের বাজার, অবৈধ পার্কিং, আটোস্ট্যান্ড এবং রকমারি পণ্যের অস্থায়ী দোকান l ছবি: প্রথম আলো
উত্তরা মডেল টাউনের আজমপুর বাসস্ট্যান্ড থেকে শাহ্ কবীর মাজারগামী ছয় লেনের শাহ্জালাল অ্যাভিনিউ সড়কটি দখলের কারণে এখন দুই লেনে পরিণত হয়েছে। সড়কের দুই পাশের দুটি করে চারটি লেন দখলে নিয়ে নিয়মিত বসছে ফলের বাজার, অবৈধ পার্কিং, আটোস্ট্যান্ড এবং রকমারি পণ্যের অস্থায়ী দোকান l ছবি: প্রথম আলো

উত্তরা মডেল টাউনের আজমপুর বাসস্ট্যান্ড থেকে শাহ্ কবীর মাজারগামী ছয় লেনের শাহজালাল অ্যাভিনিউ দখলের কারণে দুই লেনে পরিণত হয়েছে। সড়কটির দুই পাশের দুটি করে চারটি লেন দখলে নিয়ে নিয়মিত বসছে ফলের বাজার, অবৈধ পার্কিং, অটোস্ট্যান্ড এবং রকমারি পণ্যের অস্থায়ী দোকান। সংকুচিত হওয়ায় সড়কটিতে সব সময় সৃষ্টি হচ্ছে যানজটের।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, উত্তরা ৪ ও ৬ নম্বর সেক্টরের মধ্যবর্তী শাহজালাল অ্যাভিনিউয়ের প্রায় আধা কিলোমিটার দীর্ঘ রাস্তার দুই পাশেই অবৈধ দখলে ভরা। রাস্তার উত্তর অংশে আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুরো অংশে ফলের বাজার। এরপরই মূল সড়কের ওপর পার্কিং করে রাখা ব্যক্তিগত গাড়ির সারি। বিটিসিএলের সামনে থেকে শুরু উত্তরখান ইউনিয়ন এবং শাহ্ কবীর মাজারগামী ব্যাটারিচালিত অটোরিকশার স্ট্যান্ড। রাস্তা দখলে নিয়ে এগুলো দাঁড়িয়ে থাকে যাত্রীর অপেক্ষায়। তা ছাড়া উত্তরখান থেকে ফিরতি আটোরিকশাগুলোও আসে উল্টো পথে। সড়কের বাঁ পাশ দিয়ে। আর সড়কটির দক্ষিণ পাশে কাপড় এবং নানান ধরনের পণ্যের অস্থায়ী সব দোকানের সারি।
সড়কটিতে সকাল, বিকেল, স্কুল শুরু এবং ছুটির সময় ছাড়াও সব সময় লেগে থাকে যানজট। পথচারী, অটোরিকশা, সড়কে অবৈধ দোকান ও পার্কিং, ব্যক্তিগত গাড়ি—সব মিলিয়ে চরম বিশৃঙ্খল অবস্থা। ওই পথে চলাচলকারী জনসাধারণকে প্রতিনিয়তই এখন যানজটের ভোগান্তি পোহাতে হয়।
রাজউক মডেল কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক উত্তরা ১ নম্বর সেক্টরের বাসিন্দা তাসমিয়া আহমেদ জানান, সড়কটি সংস্কারের পর বেশ প্রশস্ত হয়। সৌন্দর্যবর্ধনের জন্য বিভাজকে গাছও লাগানো হয়। কিন্তু সেই সড়ক দখলের কারণে আজ বেহাল।
উত্তরা ৬ নম্বর সেক্টরের বাসিন্দা মাইনুল ইসলাম বলেন, রাস্তা দখল করে অবৈধ দখলদারেরা ব্যবসা করছে। ফলে রাস্তা ছোট হয়ে দিনের অধিকাংশ সময় সৃষ্টি হচ্ছে যানজট।
সড়কটির উত্তর অংশে বিটিসিএলের সামনে থেকে সৃষ্টি হয়েছে অবৈধ অটোস্ট্যান্ড। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসন এবং স্থানীয় নেতাদের ‘ম্যানেজ’ করেই চলছে রাজধানীর অভ্যন্তরে চলাচলে নিষিদ্ধ এসব ব্যাটারিচালিত অটোরিকশা। তা ছাড়া উত্তরখান এবং মাজার এলাকা থেকে ফিরতি অটোগুলো আসে উল্টো পথে, বাঁ পাশ দিয়ে।
সড়ক দখল করে অবৈধ দোকান, পার্কিং এসব বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রতিনিয়ত অবৈধ দখল উচ্ছেদ করে যাচ্ছি। তবে এক পাশ দিয়ে উচ্ছেদ করি আর অন্য পাশ দিয়ে হকাররা বসে যাচ্ছে। উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।’