দখলে সড়ক সংকীর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কের দুই পাশ ঘেঁষে ইট ও বালু স্তূপ করে রাখা হয়েছে। ওপরে বসেছে কাঁচা বাজার। এভাবেই ঝিনাইদহ সদর হাসপাতালে ঢোকার রাস্তাটি দখল করে রাখা হয়েছে। এতে রোগী, চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের হাসপাতালে ঢুকতে সমস্যা হচ্ছে। দখল করে রাখায় এ রাস্তা দিয়ে মুমূর্ষু রোগী নিয়ে অ্যামু্বলেন্সও ঢুকতে পারছে না। জানা গেছে, ঝিনাইদহ সদর হাসপাতালটি শহরের হামদহ এলাকায় অবস্থিত। এই হাসপাতালের সামনে দিয়ে ঝিনাইদহ-নারিকেলবাড়িয়া সড়ক চলে গেছে। সড়কটি দূরে হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ চার বছর আগে তাদের নিজেদের জায়গা ব্যবহার করে হাসপাতালের প্রধান ফটকের সামনে একটি রাস্তা নির্মাণ করে। এটি নির্মিত হওয়ায় অ্যাম্বুলেন্সসহ সব ধরনের যানবাহন খুব সহজেই হাসপাতালে আসা-যাওয়া করতে পারে। কিন্তু রাস্তাটি এখন দখল হয়ে যাওয়ায় রোগী ও হাসপাতালের লোকজনের ভীষণ সমস্যা হচ্ছে।স্থানীয় ব্যবসায়ী আকিদুল ইসলাম জানান, রাস্তাটির দক্ষিণে ঝিনাইদহ জেলা ট্রাকচালক শ্রমিক ইউনিয়ন তাদের নিজস্ব একটি ভবন নির্মাণ শুরু করেছে। তারা নির্মাণকাজে ব্যবহারের জন্য আনা ইট ও বালু স্তূপ করে এ সড়কের দুই পাশে রেখেছে। এতে রাস্তাটি সংকুচিত হয়ে পড়েছে। যে স্থানে ভবন নির্মাণ করা হচ্ছে, তার সামনের খোলা জায়গায় কাঁচা বাজার ছিল। বাজারের জায়গায় খোয়া স্তূপ করে রাখা হয়েছে। এ কারণে কাঁচা বাজারের দোকানগুলো রাস্তার ওপর বসতে শুরু করেছে।সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাশেদ আল মামুন জানান, ১০০ শয্যার এ হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ৪৫০ থেকে ৫০০ রোগী চিকিৎসাসেবা নেয় এবং ভর্তি হয় ১৫০-২০০ রোগী। এ ছাড়া এখান থেকে ৫০-৬০ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য প্রতিদিন বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। রাস্তাটি দখল করে রাখায় রোগী, তাদের সঙ্গে আসা লোকজন, চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সমস্যা হচ্ছে। কাঁচা বাজারের ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, চার মাস ধরে তাঁরা এভাবে রাস্তার ওপর বসছেন। তাঁদের যাওয়ার আর কোনো জায়গা নেই। ট্রাকচালক শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান জানান, হাসপাতালে রোগী আনা-নেওয়ার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় সে ব্যাপারে তাঁরা দ্রুত ব্যবস্থা নেবেন।