দখলের কারণে অস্তিত্বের সংকটে খাকদোন নদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা নদীবন্দর সচল রাখতে প্রায় প্রতিবছর সরকার লাখ লাখ টাকা ব্যয়ে খাকদোন নদ খনন করে। কিন্তু দখলের কারণে এর নাব্যতা ধরে রাখা যাচ্ছে না। এটির অস্তিত্ব এখন সংকটের মুখে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ৯ ডিসেম্বর খাকদোন নদের দক্ষিণ পাড়ের তীরভূমির সীমানা স্তম্ভ (পিলার) স্থাপনের কাজ শুরু হয়। উপজেলা ভূমি কার্যালয়ের ভূমি জরিপকারী (সার্ভেয়ার) আবদুর রাজ্জাক খাকদোন নদের দক্ষিণ পাড়ের ক্রোক এলাকা থেকে চরকলোনি সেতু পর্যন্ত সীমানা পিলার স্থাপন করেন। কিন্তু এ সীমানার মধ্যে বহু অবৈধ স্থাপনা রয়েছে। সেগুলো উচ্ছেদে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে নদটি সংকুচিত হচ্ছে।
জানতে চাইলে বরগুনা নৌবন্দর কর্মকর্তা মামুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘অব্যাহত দখলে নদটি সংকুচিত হওয়ায় এখানে বড় কোনো লঞ্চ ঘুরতে পারে না। এ জন্য এই বন্দরে বড় ও বিলাসবহুল লঞ্চ আসে না। আর বন্দরের সুফলও পাওয়া যাচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘বেপরোয়া দখলের কারণে নদটির অস্তিত্ব বিপন্ন। আমরা সম্প্রতি নদীবন্দরের জমিতে অবৈধ স্থাপনার একটি তালিকা তৈরি করেছি। এতে দেখা গেছে, দক্ষিণ পাড়ের তীরভূমির সীমানা পিলারের মধ্যে অবৈধ স্থাপনা রয়েছে ২৫০টি। এসব স্থাপনা উচ্ছেদের ব্যাপারে আমরা জেলা প্রশাসনের কাছে সহায়তা চেয়ে শিগগিরই আবেদন করব।’
এলাকাবাসী সূত্রে জানা গেছে, একসময় নদটি প্রায় পৌনে এক কিলোমিটার প্রশস্ত ছিল। এখন বড়জোর সিকি কিলোমিটার প্রশস্ত হবে। এ নদের নাব্যতা ফিরিয়ে আনতে ২০১০ সাল থেকে গত বছর পর্যন্ত তিনবার এক কিলোমিটার এলাকা খনন করা হয়। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই আবার ভরাট হয়ে যায়। ভাটার সময় নদে দেড়-দুই ফুট পানি থাকে। তখন লঞ্চগুলো আটকে যায়। জোয়ারের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এ ছাড়া দখলে দুই পাশ থেকে সংকুচিত হয়ে পড়ায় দোতলা লঞ্চ ঘুরতে পারছে না।
বরগুনা-ঢাকা পথে চলাচলকারী এমভি যুবরাজ লঞ্চের মাস্টার ইউনুস আলী বলেন, ভাটার সময় লঞ্চ ঘোরানো যায় না। জোয়ারের জন্য অপেক্ষা করতে হয়।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, বিষখালী নদীর মোহনা থেকে শুরু করে নদটির দুপাশে চর দখল করছেন স্থানীয় বাসিন্দারা। ভরাট করা স্থানে রেইনট্রিসহ নানা ধরনের গাছ লাগানো হয়েছে। অনেকে পাকা, আধা পাকা ও কাঁচা ঘর তুলেছেন। কোথাও কোথাও মাঝ নদ পর্যন্ত দখল হয়ে গেছে। বিশেষ করে শহরের ক্রোক এলাকা থেকে প্রায় চার কিলোমিটার দূরের চরকলোনি পর্যন্ত নদটি দখল হতে অস্তিত্বের সংকটে পড়েছে।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তারা বলেন, খাকদোন নদের দুই পাড় খাজুরতলা মৌজার অন্তর্ভুক্ত। সরকারি হিসাবমতে, পটকাখালী এলাকা থেকে চরকলোনি পর্যন্ত প্রায় ছয় কিলোমিটারে এই নদের দুপাশের চরে ১২৯ জনকে অস্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়। তবে সেখানে বর্তমানে বৈধ-অবৈধ মিলিয়ে স্থাপনা রয়েছে দুই হাজারের বেশি।
জেলা প্রশাসক মুহা বশিরুল আলম বলেন, ‘খাকদোন নদের দখল উচ্ছেদে আমরা কয়েকটি বৈঠক করেছি। বর্তমানে দখলদারদের তালিকা প্রণয়নের কাজ চলছে। তালিকা তৈরি শেষ হলে দখলদার উচ্ছেদে পদক্ষেপ নেওয়া হবে।’