দখলের ফলে সড়কের কাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় খাসজমিতে অবৈধভাবে ঘর তোলায় একটি সড়কের নির্মাণকাজ বন্ধ হয়ে গেছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঘিওর উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন বলেন, অবৈধ দোকান উচ্ছেদ করতে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
এলজিইডির কর্মকর্তা ও এলাকাবাসী জানান, এলাকাবাসীর যাতায়াতের সুবিধার্থে ঘিওরের পয়লা ইউনিয়নের তেরশ্রী বাজার থেকে বড় কুষ্টিয়া পর্যন্ত দুই হাজার ৩৭০ ফুট দীর্ঘ ও ১০ ফুট প্রশস্ত পাকা সড়ক নির্মাণ করছে এলজিইডি। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ওই সড়কের নির্মাণকাজ গত জুন মাসে শুরু হয়। কিন্তু তেরশ্রী বাজারের কাছে নির্মাণাধীন সড়কের জমি দখল করে তিনটি দোকান ঘর তোলায় ওই অংশে রাস্তা নির্মাণ করা সম্ভব হচ্ছে না।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, পূর্ব কুষ্টিয়া থেকে তেরশ্রী গ্রামের মজিবর রহমানের বাড়ির পাশ পর্যন্ত ইটের খোয়া ও বালু ফেলা হয়েছে। সেখান থেকে তেরশ্রীবাজার পর্যন্ত প্রায় ৩০০ গজ সড়কে কোনো কাজ করা হয়নি। দখলদারেরা সেখানে দোকানঘর তুলে ভাড়া দিয়েছেন। আওয়ামী লীগের স্থানীয় পয়লা ইউনিয়ন শাখার সহসভাপতি মজিবর রহমান ও তেরশ্রী গ্রামের রফিক মৃধা জানান, বেশ কয়েক বছর ধরে আমজাদ হোসেন, দুলাল হোসেন ও আবদুল মোন্নাফ মিয়া নামের তিন ব্যক্তি দোকানঘর তুলে ভাড়া দিয়েছেন। সম্প্রতি উপজেলা ভূমি অফিস থেকে কর্মকর্তারা এসে সড়ক নির্মাণের জন্য জমি মেপে গেছেন। ওই দোকানগুলো সড়কের জায়গায় পড়লেও তা উচ্ছেদ করা হচ্ছে না। এ ব্যাপারে ব্যবস্থা নিতে তাঁরা জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন। যোগাযোগ করা হলে আবদুল মোন্নাফ দাবি করেন, তাঁর নিজের জায়গাতেই দোকান তুলেছেন। আমজাদ হোসেন বলেন, ‘খাসজমিতে হলে দোকান অন্যত্র সরিয়ে নেব।’
ঘিওর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শরীফুল ইসলাম বলেন, সরকারি খাসজমিতে নির্মিত দোকান উচ্ছেদ করতে দখলদারদের তিন দফায় নোটিশ দেওয়া হয়েছে। শিগগিরই অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।