
রেলওয়ে ও গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) জায়গা দখল করে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডটি গড়ে তোলা হয়। সরকারের অনুমতি ও নিবন্ধন ছাড়াই দীর্ঘদিন ধরে প্রায় ৩৯ বিঘা জমি দখল করে রেখেছেন কয়েকজন পরিবহন মালিক ও শ্রমিক।
এই অবৈধ ট্রাকস্ট্যান্ডের ভেতরের জায়গা দখল করে গড়ে ওঠে অবৈধ দোকানপাট, ট্রাক মেরামতের গ্যারেজ। স্ট্যান্ডের বেশির ভাগ জায়গাজুড়ে ছিল পুরোনো ও নষ্ট ট্রাক। ভেতরে জায়গা না থাকায় ট্রাক-কাভার্ড ভ্যান ও পিকআপ রাখা হয় সড়কের ওপর।
এতে করে একদিকে যেমন রেলওয়ে ও পিডব্লিউডি রাজস্ব হারাচ্ছে, তেমনি অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ট্রাকস্ট্যান্ডের কারণে পুরো এলাকায় সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজট। ফলে দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীকে। এ অবস্থা থেকে উত্তরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক স্ট্যান্ডের ভেতরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়কের ট্রাকস্ট্যান্ডের ভেতরে ঢোকানোর উদ্যোগ নেন।

ট্রাকচালক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ট্রাকস্ট্যান্ড ও এর আশপাশের সড়কগুলোতে গড়ে উঠেছে কয়েক শ দোকানপাট। স্ট্যান্ডের ভেতরে ট্রাক থাকার কথা থাকলেও তা পরিণত হয়েছে ট্রাক মেরামতের গ্যারেজে। এসব দোকানপাট, গ্যারেজ ও ট্রাকস্ট্যান্ড থেকে দৈনিক লক্ষাধিক টাকার চাঁদা আদায় করা হয়।
বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী বলেন, কেউ ঘর তুলে ভাড়া দিচ্ছে, কেউ ওয়ার্কশপ করছে। মাসে হাজার হাজার টাকা উপার্জন করছে। ট্রাকস্ট্যান্ডকে ঘিরে অনেক সুবিধাভোগী আছে। তাদের কারণে সমস্যাগুলো হচ্ছে।
ট্রাকস্ট্যান্ড এলাকা ঘুরে দেখা যায়, স্ট্যান্ডের পাঁচটি সংযোগ সড়কেও গড়ে উঠেছে দোকান। এসব দোকানের কারণে ট্রাক আসা-যাওয়াতেও সমস্যা হচ্ছে। সাতরাস্তা থেকে কারওয়ান বাজার পর্যন্ত সড়কটি থেকে ট্রাক সরিয়ে ভেতরে নেওয়ার জন্য গতকাল রোববার স্ট্যান্ডের ভেতরে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করে ডিএনসিসি।

গতকালের উচ্ছেদ অভিযানে এসে মেয়র আনিসুল হক বলেন, ‘যে জায়গা দখল করা হয়েছে তা রেলওয়ের জায়গা। কোনো ধরনের দখল মেনে নেওয়া হবে না। ট্রাক মালিক সমিতির লোকজন বলেছে, ভেতরে জায়গা করে দেন। আমরা দখল উচ্ছেদ করে জায়গা করে দিয়েছি। রাস্তার ওপর থাকা ট্রাকগুলো ভেতরে ঢুকবে।’
অবৈধভাবে রেলওয়ে ও পিডব্লিউডির জায়গায় ট্রাকস্ট্যান্ড গড়ে তোলার বিষয়ে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী বলেন, সরকারি অনুমতি একেবারেই যে নেই তা কিন্তু নয়। যত দিন রেলের কোনো নিজস্ব প্রকল্পের কাজে এই জমি ব্যবহার হচ্ছে না, তত দিন এটা ট্রাকস্ট্যান্ড হিসেবে ব্যবহার করার ব্যাপারে রেলের অনুমতি আছে।
রেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, জায়গা দখলের বিষয়টি রেলের বিভিন্ন অঞ্চলভিত্তিক অফিস দেখে। মেট্রোরেলের কাজের সময় সব ভেঙে দেওয়া হবে। হয়তো বা এ কারণেই অঞ্চলভিত্তিক অফিসের পক্ষ থেকে উদ্ধার অভিযান চালানো হচ্ছে না।