দখলে-দূষণে জীর্ণশীর্ণ জেল খাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল নগরের নথুল্লাবাদ এলাকায় জেল খালকে চেপে ধরেছে দুপাশের স্থাপনা, তার ওপর যোগ হয়েছে ময়লা-আবর্জনা, যেন খালের শ্বাস-প্রশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। আশঙ্কা করা হচ্ছে, এটিও স্থান করে নেবে হারিয়ে যাওয়া খালগুলোর তালিকায়। গতকাল তোলা ছবি । প্রথম আলো
বরিশাল নগরের নথুল্লাবাদ এলাকায় জেল খালকে চেপে ধরেছে দুপাশের স্থাপনা, তার ওপর যোগ হয়েছে ময়লা-আবর্জনা, যেন খালের শ্বাস-প্রশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। আশঙ্কা করা হচ্ছে, এটিও স্থান করে নেবে হারিয়ে যাওয়া খালগুলোর তালিকায়। গতকাল তোলা ছবি । প্রথম আলো

বরিশাল সিটি করপোরেশনের মধ্য দিয়ে প্রবাহিত জেল খাল ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে অবৈধ দখলদার। এতে জীর্ণশীর্ণ হয়ে পড়েছে খালটি।
সরেজমিনে জেল খালের বড় বাজার, কাঠের পুল, জেলে বাপির পুল, মরকখোলার পুল, ছোবহান মিয়ার পুল এবং নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ময়লা-আবর্জনার স্তূপ দেখা গেছে। বাসাবাড়ির বর্জ্য ভাসতে দেখা গেছে খালে। ময়লা-আবর্জনার গন্ধে পাশের সড়ক দিয়ে চলাচল করা দায় হয়ে পড়ে। নথুল্লাবাদ এলাকায় খালের একটা অংশ দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। আবর্জনার স্তূপে খালের অবস্থা বোঝা যাচ্ছে না। তার মধ্যেই কেউ কেউ নৌকা নিয়ে চলাচলের চেষ্টা করছেন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরিশাল জেলার সভাপতি আক্কাস হোসেন বলেন, একসময় বরিশাল নগরে ১৮টি খাল ছিল। এখন জেল খালসহ কয়েকটি অবশিষ্ট আছে। সেগুলো ময়লা-আবর্জনা ও দখলে হারিয়ে যাওয়ার পথে।
বরিশাল সিটি করপোরেশন জানায়, নগরের জেল খাল, আমানতগঞ্জ খাল, সাগরদী খাল, লাকুটিয়া খাল এবং ভেদুরিয়া খাল সংস্কারের জন্য জলবায়ু ট্রাস্টে ৩৫ কোটি টাকার একটি প্রকল্প পাঠানো হয়েছে। ওই প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। শিগগিরই ওই প্রকল্প অনুমোদন হবে। এরপরই বরিশালের ওই পাঁচ খাল সংস্কার, খালের পাশে ওয়াকওয়ে নির্মাণ করা হবে।
নথুল্লাবাদ এলাকার বাসিন্দা মনোয়ার হোসেন অভিযোগ করেন, জেল খালের সবচেয়ে খারাপ অবস্থা মরকখোলার পুল থেকে নথুল্লাবাদ পর্যন্ত। এই অংশের দুই পাশে খাল দখল হয়ে গেছে। অবশিষ্ট খালও এখন ময়লা-আবর্জনায় ডাস্টবিন হয়ে গেছে। খাল পরিচ্ছন্ন না করায় দুর্গন্ধ ছড়াচ্ছে। একই অভিযোগ নতুন বাজার এলাকার বাসিন্দা তন্ময় কুমার নাথের। তিনি জানান, দুই পাড়ের বাসিন্দারা ময়লা-আবর্জনা ফেলে খালটি ভরাট করে ফেলছে। এখন বর্ষা মৌসুমেও খালে প্রবাহ নেই।
বরিশাল নদী-খাল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব কাজী এনায়েত হোসেন অভিযোগ করে বলেন, খাল পুনরুদ্ধার এবং সংস্কারের কোনো উদ্যোগ নেই সিটি করপোরেশনের। খালের অনেক অংশ দখল হয়ে গেছে। জেল খালের অবৈধ দখলদারদের একটি তালিকা দেওয়া হয়েছিল। কিন্তু তাদের উচ্ছেদে আর কোনো উদ্যোগ নেয়নি করপোরেশন। জেল খালের অবশিষ্ট অংশ ময়লা-আবর্জনার স্তূপে ভরে গেছে। পরিষ্কার না করায় পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি পরিষ্কার রাখা গেলে দখল-প্রক্রিয়া বন্ধ হবে না। এ ব্যাপারে করপোরেশনের প্রধান প্রকৌশলী তারিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা দীপক কুমার মৃধা বলেন, খাল পরিষ্কার রাখতে উদ্যোগ নেওয়া হলেও তা কাজে আসছে না। বাসাবাড়ির ময়লা বিশেষ করে বাজার এলাকার সমস্ত ময়লা খালে ফেলা হয়। তাই পরিষ্কার করার সঙ্গে সঙ্গে আবার ময়লার স্তূপ হয়ে যায়। পানি কমে গেলে আবারও পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।
করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. তারিকুল ইসলাম বলেন, জেল খালের অবস্থা খুবই খারাপ। ওই খলের প্রায় ৪০ ভাগ দখল হয়ে গেছে। একবার দখলদারদের উচ্ছেদ করা হয়। আবারও দখল শুরু হয়েছে। তবে খাল সংস্কারের জন্য পাঠানো প্রকল্প অনুমোদন হচ্ছে শিগগিরই। এরপরই খাল পুনরুদ্ধার এবং সংস্কারে উদ্যোগ নেওয়া হবে।