
রাজধানীর পূর্বাঞ্চলীয় লোকালয় মুগদার বাসিন্দাদের ‘দুঃখ’ দখলে-দূষণে প্রায় মৃত মুগদা খাল। বৃষ্টি হলেই পুরো এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। এলাকাবাসীর আছে আরও নানা ভোগান্তি। এর মধ্যে ড্রেনেজ ব্যবস্থার সুবিধা থেকে তাঁরা প্রায় বঞ্চিত। নেই পর্যাপ্ত পয়োলাইন। আছে বিশুদ্ধ পানির কষ্ট, যানজট, মশার উপদ্রব।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত মুগদা। গতকাল বুধবার ওই এলাকা ঘুরে এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, খালটি দখল-দূষিত হয়ে পড়ায় অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। একসময় খালটি প্রায় ৭০ ফুট চওড়া ছিল। তখন ভারী বৃষ্টি হলেও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা হতো না। বৃষ্টির পানি প্রথমে খালে এবং খাল থেকে যেত বালু নদে। এখন দূষিত নর্দমায় পরিণত হওয়া খালটি দিয়ে পানিপ্রবাহের সব পথ বন্ধ।
৬ নম্বর ওয়ার্ডে রয়েছে দক্ষিণ মুগদা, উত্তর মুগদা, বিশ্বরোড, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়াম, মানিকনগরের কিছু অংশ। এলাকাবাসীর বক্তব্য, মশার উপদ্রব বর্তমানে এলাকার অন্যতম সমস্যা। খাল নামের ওই দূষিত নর্দমা এখন মশার প্রজননক্ষেত্র। আছে অপরিষ্কার নর্দমা। সর্বশেষ কবে মশার ওষুধ ছিটানো হয়েছে তা মনে করতে পারলেন না অনেক এলাকাবাসী। উড়ন্ত মশার বিরুদ্ধেও অভিযান হয় না।
সেতুসংলগ্ন খাল এলাকায়, বিশেষ করে খালের পূর্ব পাড়ে যতটুকু দেখা যায়, প্রচুর দোকানপাট, বাড়িঘর ও বস্তি। খালের জায়গায় বস্তি করে ভাড়া দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন কয়েকজন। দক্ষিণ মুগদার বয়োজ্যেষ্ঠ বাসিন্দা সোলায়মান হক জানালেন, একটু একটু করে খালটি ধ্বংস করতে দেখেছেন। তিনিসহ কয়েকজন বাসিন্দা জানান, সাবেক সব তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ঢাকা ওয়াসা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালটি দখলমুক্ত করেছে। কিন্তু রাজনৈতিক সরকার এলে আবার দখল হয়ে যায়। খালের জায়গায় অবৈধ স্থাপনার মালিকেরা বর্তমানে ওই জায়গাকে পৈতৃক দাবি করছেন।

এই ওয়ার্ডের কাউন্সিলর পদে বিএনপি-সমর্থিত প্রার্থী এবং সাবেক কাউন্সিলর শামসুল হুদা খাল দখল হয়ে অবৈধ স্থাপনা নির্মিত হওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি দাবি করেন, বর্তমান সরকারের লোকেরাই এই দখলের সঙ্গে জড়িত। তিনি জয়ী হলে অবৈধ দখলদার উচ্ছেদ করবেন। তিনি দক্ষিণ মুগদার প্রধান সড়ক এলাকায় সকালে গণসংযোগ করেন।
তবে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী মো. সিরাজুল ইসলাম ভাট্টি এ অভিযোগ অস্বীকার করেন। তিনি বিএনপির স্থানীয় নেতাদের বিরুদ্ধে দখলের পাল্টা অভিযোগ আনেন। তিনি নির্বাচিত হলে খাল সংস্কার ছাড়াও তা দখলমুক্ত করবেন।
গতকাল সকালে জনসংযোগ করতে গেলে দক্ষিণ মুগদার এলাকাবাসী সিরাজুল ইসলামের কাছে উল্লেখিত সমস্যাগুলো সমাধানের পাশাপাশি শিশুদের জন্য একটি খেলার মাঠের দাবি জানান।
যানজট: ওয়ার্ডের বাসিন্দা ও দোকানিরা জানান, যানজট একটি বড় সমস্যা। মুগদা প্রধান সড়ক থেকে মান্ডা সেতু পর্যস্ত প্রায় সার্বক্ষণিক যানজট থাকে। গতকালও ছিল। একটি ডিপার্টমেন্টাল স্টোরের মালিক আবদুল হক বলেন, ‘কোনো কোনো দিন ঘণ্টার পর ঘণ্টা দোকানের সামনে যানবাহন আটকে দোকান অন্ধকার হয়ে যায়। ক্রেতারাও ঢুকতে পারে না।’

এলাকাবাসীর মতে, ২০ ফুট চওড়া প্রধান সড়কটি আরও অন্তত ১০ ফুট চওড়া করলে এ সমস্যা থাকবে না। তাঁরা গণসংযোগে আসা প্রার্থীদের কাছে এ বিষয়ে দাবিও জানান। এ বিষয়ে সিরাজুল ইসলাম বলেন, জয়ী হলে তিনি অবশ্যই উদ্যোগ নেবেন। শামসুল হুদাও একই আশ্বাস দিয়েছেন।
বিশুদ্ধ পানির খোঁজে: দক্ষিণ মুগদার বাসিন্দা মোশাররফ হোসেন বলেন, এলাকায় প্রায় আট বছর ধরে বিশুদ্ধ পানির অভাব। যা বছর বছর শুধু বাড়ছে। ওয়াপদা রোড, বিশ্বরোড গার্মেন্টসসংলগ্ন এবং উত্তর মুগদায় তিনটি গভীর নলকূপ ও পাম্প রয়েছে। এসব পাম্পের পানি ও সায়েদাবাদ শোধনাগারের পানি একই পাইপলাইনে মিশে যায়। বয়োজ্যেষ্ঠ বাসিন্দাদের মতে, এখানে ড্রেনেজ লাইনগুলো পাকিস্তান আমলের। অনেক স্থানেই জং ধরা ফুটো পাইপে আসা ড্রেন ও পয়োলাইনের ময়লা পানির সঙ্গে মিশে যায়। ওয়াপদা রোডের পাম্পে গিয়ে দেখা যায়, বিভিন্ন বয়সের প্রায় ১০০ নারী-পুরুষ হাঁড়ি, কলসি, জারিকেন নিয়ে পানির জন্য ভিড় করেছেন। বেশির ভাগই স্বল্পবিত্তের। নাজমুন নাহার নামের এক নারী বলেন, বাসায় কল খুললে যে পানি আসে তাতে মুগদা খালের ময়লার গন্ধ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী শাহাবুদ্দিন মিয়া বড় দুটি জারিকেন নিয়ে দাঁড়িয়েছেন। বললেন, পানি বিশুদ্ধ করার জন্য একটি ফিল্টার কিনেছিলেন, তা পানির ময়লা ও দুর্গন্ধ কাটাতে পারেনি।
নির্বাচনী প্রচার: বিভিন্ন প্রার্থীর পোস্টারের জন্য মুগদার প্রধান সড়কে এখন আকাশ দেখা যায় না। বিশ্বরোড, স্টেডিয়াম এলাকাসহ অলিগলিতে একই অবস্থা। আওয়ামী লীগ-সমর্থিত ও বিএনপি-সমর্থিত প্রার্থীর পোস্টার ছাড়াও আরেক প্রার্থী মো. ওয়ালি উল্লাহ্র পোস্টারও দেখা যায়। প্রার্থীদের পক্ষে ব্যাপক মাইকিংও হচ্ছে। ওয়ালি উল্লাহ্ বিকেলে দক্ষিণ মুগদায় গণসংযোগ করেন। তিনি জয়ের ব্যাপারে আশাবাদ জানান।
অন্য প্রার্থীদের মধ্যে সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা এনামুল হক সরদারের নামও নির্বাচন কমিশনের বৈধ তালিকায় রয়েছে। তবে এলাকায় গতকালও তাঁর কোনো পোস্টার দেখা যায়নি। জাতীয় পার্টির প্রার্থী নেই বলে এলাকায় গিয়ে জানা যায়।