দগ্ধ আটজনের অবস্থা আশঙ্কাজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল-অবরোধে পেট্রলবোমায় দগ্ধ ব্যক্তিদের মধ্যে ১০ জনের অবস্থা এখন আশঙ্কাজনক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে এই তথ্য।
গতকাল শনিবার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে যাত্রাবাড়ীর বাসে পেট্রলবোমা হামলায় আহত তানজীমুল ও সিদ্দিকের অস্ত্রোপচার হয়েছে। শুক্রবার ভর্তি হওয়া নতুন চার রোগীর অবস্থা ততটা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে। নতুন এই চার রোগী হলেন জীবন, বেলায়েত, রাজু ও জামালউদ্দিন।
জানা গেছে, বাসে বোমা হামলার পর ১৪ জন প্রথমেই মুগদার ৫০০ শয্যার হাসপাতালে চিকিৎসা নেন। সেখান থেকে চারজনকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। বাকিরা এখনো মুগদা হাসপাতালে রয়েছেন।
বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক সামন্ত লাল সেন গতকাল বলেছেন, এখন থেকে দগ্ধ ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা জেলা-উপজেলা পর্যায়ে দেওয়ার চেষ্টা চলছে।
তবে নিবিড় পরিচর্যাকেন্দ্রে দগ্ধ ছয়জন ও হাই ডিপেন্ডেন্সি ইনস্টিটিউটে থাকা দুজনের অবস্থা এখনো আশঙ্কাজনক। গতকাল হাসপাতাল ছেড়েছেন স্বপ্না ও শহীদুল ইসলাম নামের দুই রোগী। এই নিয়ে বার্ন ইউনিটে চিকিৎসা নিয়েছেন ৯৫ জন। গতকাল ভর্তি ছিলেন ৫১ জন।