দগ্ধ আরও একজনের মৃত্যু

চট্টগ্রামের ফিরিঙ্গীবাজারে কর্ণফুলী নদীতে কাঠের ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে।

গত সোমবার রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মো. লিটন (৩০)। তাঁর বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায়। এ নিয়ে নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল তিনে।

হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান মৃণাল কান্তি দাশ বলেন, আগুনে লিটনের শরীরের প্রায় ৯৫ ভাগ পুড়ে গিয়েছিল।

গত শনিবার কর্নফুলী নদীতে নোঙর করা অবস্থায় নৌকাটিতে আগুন ধরে যায়। নৌকায় থাকা তেলের ড্রাম থেকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে।