গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার নির্মাণাধীন অ্যাপেক্স টেরিটাওয়েল পোশাক কারখানার কমপ্রেসর কক্ষে গ্যাসের আগুনে দগ্ধ আরও তিনজনের মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে গত শুক্রবার সকালে দুলাল উদ্দিন (৩৪), রাতে আবু হোসেন (৫০) এবং গতকাল শনিবার রাতে আব্দুল মালেক (৩০) মারা যান। এ নিয়ে ওই কারখানার গ্যাসের কমপ্রেসর কক্ষে আগুনে পুড়ে মৃতের সংখ্যা দাঁড়াল চার।
কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, অ্যাপেক্স টেরিটাওয়েল লিমিটেড কারখানাটি দীর্ঘদিন বন্ধ থাকার পর দুই মাস আগে নতুন একটি কোম্পানির কাছে কারখানাটি ভাড়া দেওয়া হয়। কারখানার বিভিন্ন সেকশন ও ফ্লোরে নতুন করে নির্মাণকাজ শুরু করা হয়। কারখানার গ্যাসের কমপ্রেসর কক্ষে মেশিনপত্র না থাকায় ওই কক্ষ এবং পাশের কক্ষে কারখানার নির্মাণশ্রমিকেরা রাতে ঘুমাতেন।
গত সোমবার সকালে ওই কমপ্রেসর কক্ষের পাশে শ্রমিকদের খাবার তৈরি করতে যান রেহেনা বেগম। কমপ্রেসর কক্ষের গ্যাসের পাইপ থেকে গ্যাস বের হচ্ছিল আগে থেকেই। রান্নার জন্য চুলার মধ্যে আগুন জ্বালানো মাত্রই কমপ্রেসর কক্ষের ভেতর আগুন ধরে যায়।
কারখানার প্রজেক্ট ম্যানেজার শওকত হোসেন গ্যাসের কমপ্রেসর কক্ষের আগুনে পুড়ে আহত সাতজনের মধ্যে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।