দগ্ধ আরেক ট্রাক চালককে বার্ন ইউনিটে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আজ সোমবার রাতে মো. কামরুজ্জামান (৩৫) নামের আরেক দগ্ধ ট্রাকচালককে ভর্তি করা হয়েছে। কামরুজ্জামান সাংবাদিকদের বলেছেন, দুর্বৃত্তদের ছোড়া পেট্রল বোমা হামলায় তাঁর এ দশা।

আহত ও আহতকে বহনকারী কয়েকজনের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, কামরুজ্জামানের গ্রামের বাড়ি নরসিংদী সদরে। বাবা মিজানুর রহমান। তিনি নরসিংদীর ঘোড়াশাল থেকে কাগজের রিম বহন করে ট্রাকযোগে ঢাকার নয়াবাজার এলাকায় আসেন। আহম্মদ ট্রেডিং কর্পোরেশন নামের একটি দোকানের সামনে ট্রাক থামিয়ে কাগজের রিম নামানো হচ্ছিল। চালক কামরুজ্জামান ট্রাকের ভিতরেই ছিলেন। এ সময় দুর্বৃত্তরা পেট্রল বোমা ছুঁড়লে চারদিকে আগুন ধরে যায়। এতে কামরুজ্জামান দগ্ধ হন। তাঁকে উদ্ধার করে বার্ন ইউনিটে নিয়ে যান ওই দোকানের কর্মকর্তা-কর্মচারীসহ কয়েকজন।
বার্ন ইউনিটের চিকিত্সক আফরোজা আক্তার সাংবাদিকদের জানান, কামরুজ্জামান ৩৪ শতাংশ পুড়ে গেছেন।
বংশাল থানায় যোগাযোগ করা হলে পুলিশ জানায়, ঘটনাস্থলটি কোতোয়ালি থানায় পড়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম প্রথম আলো ডটকমকে বলেন, ঘটনা শুনেছি। নিশ্চিত হওয়ার জন্য হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।