দগ্ধ আরেক শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার কালার ম্যাক্স (বিডি) লিমিটেড নামের গ্যাস লাইটার প্রস্তুতকারক কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডে এক শিশু শ্রমিকসহ চারজন মারা গেল।

আজ বুধবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী শ্রমিক মারা যান।

বার্ন ইউনিট সূত্র জানায়, মারা যাওয়া শ্রমিকের নাম সখিনা (২০)। তাঁর শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল।

২২ নভেম্বর কালার ম্যাক্স (বিডি) লিমিটেডে আগুন লাগে। আগুনে ২৬ জন নারী ও শিশু শ্রমিক দগ্ধ হয়।

অগ্নিকাণ্ডের ছয় দিন পর শ্রম আদালতে মামলা হয়েছে। ঢাকা জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) মেহেদি হাসান মামলাটি করেন।

মামলায় কারখানার চেয়ারম্যান মাহমুদ আলম, ভাইস চেয়ারম্যান মাহমুদ কাওসার, ব্যবস্থাপনা পরিচালক শামীম এলাহী ও ব্যবস্থাপক নজরুল ইসলামকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে জানানো হয়, কারখানাটিতে গ্যাসের কাজে ঝুঁকি ও দুর্ঘটনায় মারাত্মক পরিণতি সম্পর্কে জানার পরও মালিক কর্তৃপক্ষ যথাযথ নিরাপত্তা বিধান না করে ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম ছাড়া শ্রমিকদের বিপজ্জনক পরিণতিসম্পন্ন কাজে যুক্ত করে, যা শ্রম আইন, ২০০৬-এর ৩০৭ ও ৩০৯ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।