দগ্ধ আল আমিনও মারা গেলেন

স্বজনেরা ভেবেছিলেন আল আমিন প্রায় সুস্থ হয়ে উঠছেন। হাসপাতালের বিছানায় শুয়ে আল আমিনও স্ত্রী আর মাকে ফোন করে বলেছিলেন, অবরোধের মধ্যে কারও আসার দরকার নেই। আর কয়েক দিন পরে তো তিনি ফিরছেন। আল আমিন মা-বোনের কাছে ফিরেছেন, তবে লাশ হয়ে।
৩ ডিসেম্বর গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় পেট্রলবোমা হামলায় দগ্ধ হয়েছিলেন পোশাক কারখানার কর্মীবাহী বাসের চালক আল আমিন (২৮)। তাঁকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের
বার্ন ইউনিটে। সেখানে ১৫ দিন চিকিৎসাধীন থাকার পরে গতকাল বুধবার বেলা সোয়া ১১টার দিকে মারা যান তিনি।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, গত ২৬ অক্টোবর থেকে হরতাল অবরোধে দগ্ধ হয়ে বার্ন ইউনিটে এ নিয়ে ১৫ জন মারা গেলেন। একই সময়ে নাশকতার আগুনে দগ্ধ হয়ে ১২৪ জন
বার্ন ইউনিটে চিকিৎসা নিয়েছেন। ২৪ জন এখনো ভর্তি রয়েছেন।

গত মঙ্গলবার রাত থেকে আল আমিনের সঙ্গে ছিলেন তাঁর বেয়াই আফছার উদ্দিন শিকদার। তিনি গতকাল বলেন, কয়েক দিন ধরে আল আমিনের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল। এর মধ্যে গতকাল
সকালে ঘুম থেকে ওঠার পর তাঁর শ্বাসকষ্ট হতে থাকে। একই সঙ্গে আরও কিছু শারীরিক সমস্যা দেখা দেওয়ায় বিষয়টি চিকিৎসকদের জানানো হয়। চিকিৎসকদের তৎপরতার মধ্যেই তিনি মারা যান।
চিকিৎসকেরা জানান, আগুনে আল আমিনের শরীরের ২৮ শতাংশ পুড়ে যায়। তাঁর শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল।
স্বজনেরা জানান, গত মঙ্গলবারও আল আমিন তাঁর স্ত্রী ও মাকে ঢাকায় আসতে নিষেধ করেছেন। বলেছিলেন, তিনি কিছুদিনের মধ্যেই বাসায় ফেরার মতো সুস্থ হয়ে উঠবেন।
গতকাল দুপুরে গাজীপুরের জয়দেবপুরের বন্দান গ্রামে আল আমিনের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর স্ত্রী পাপিয়া স্বামীর মৃত্যুর খবরে অনেকটাই নির্বাক হয়ে গেছেন। আর তাঁর বাবা আউয়াল মোল্লা সমানে
বিলাপ করতে করতে বলছেন, ‘কী অপরাধ ছিল আমার আল আমিনের। আমরা এর কঠিন বিচার চাই।’ আল আমিনের দুই বছর বয়সী একটি মেয়ে আছে।
যন্ত্রণায় কাতরাচ্ছেন মুনিয়া ও রুবেল: গত ১১ নভেম্বর মেহেরপুরে একটি অটোবাইকে পেট্রলবোমা হামলায় দগ্ধ হয়েছিলেন গৃহবধূ মুনিয়া আক্তার (২০)। এখনো তিনি সুস্থ নন। কিন্তু হাসপাতালে আর থাকতে
ইচ্ছে করছে না তাঁর। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন এই নারী।
তিন সন্তানকে কুমিল্লায় রেখে বার্ন ইউনিটেই একরকম সংসার পেতেছেন সিএনজি অটোরিকশা চালক মো. রুবেল মিয়া ও তাঁর স্ত্রী নাসিমা বেগম। গত ২৫ নভেম্বর কুমিল্লায় তাঁর অটোরিকশায় আগুন দিলে
তিনিও দগ্ধ হন। নাসিমা বেগম জানান, সন্তানদের দুশ্চিন্তা আর পোড়া ক্ষতের জ্বালায় রাতে চীৎকার করেন রুবেল।