বরগুনার বেতাগী পৌর এলাকায় গত মঙ্গলবার রাতে হাবিবুর রহমান (৬৩) নামের এক ব্যক্তি দগ্ধ হয়ে মারা গেছেন। এ সময় আগুনে দোকানসহ পাঁচটি ঘর সম্পূর্ণ ও তিনটি আংশিক পুড়ে গেছে। একই দিন বিকেলে ফরিদপুরের সালথায় আগুনে চারটি পরিবারের আটটি ঘর পুড়ে গেছে। এ ঘটনায় এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে বেতাগী পৌর শহরের পুরাতন থানা এলাকায় পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর সিদ্দিকুর রহমানের ব্যক্তিগত কার্যালয় থেকে আগুনের সূত্রপাত হয়ে তা আশপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে রড-সিমেন্টের দোকান, রিকশা গ্যারেজ, ডিজেলের দোকানসহ পাঁচটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ ছাড়া আরও তিনটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ওই কার্যালয়ে ঘুমিয়ে থাকা হাবিবুর রহমান দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বিকেল পাঁচটার দিকে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কালাম খাঁর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের আটটি ঘর পুড়ে যায়।
এতে কালাম খাঁর স্ত্রী শামসুন্নাহার (৪৫) অগ্নিদগ্ধ হন। তাঁকে স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।