দগ্ধ গা নিয়ে ছটফট করছেন আলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিন ধরে হাসপাতালে বিছানায় যন্ত্রণায় ছটফট করছেন পেট্রলবোমায় দগ্ধ ট্রাকচালক নূর আলম ওরফে সাফাত প্রামাণিক। এখন তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি রয়েছেন। পেট্রলবোমায় তাঁর মুখমণ্ডল, কপাল, দুই হাতসহ শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। ঝলসে গেছে তাঁর শ্বাসনালি।
চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়। তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চলছে।
নূর আলমের মেয়ে সামছুন নাহার বলেন, ‘১৫ বছর ধরে উনি গাড়ি চলাচ্চে। কোনোদিন ইংকা ভয়ংকর বিপদ হয়নি। ওই হাসিনা-খালেদার জন্যি আব্বা আজ মরতে বসিচে। ওই দুজন কি জানে, একদিন গাড়িত না উঠলে বাড়িত ভাতের চুলা জ্বলে না? হামাগরক না খ্যায়া থাকা লাগে।’
এলাকার অনেকে ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে সবজিবোঝাই ট্রাক চালিয়ে ঢাকায় যাওয়ার পথে সিরাজগঞ্জে অবরোধকারীদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হন বগুড়ার শিবগঞ্জ উপজেলার গণেশপুর গ্রামের নূর আলম। এতে তাঁর দুই সঙ্গী একই গ্রামের সবজি ব্যবসায়ী মিলন প্রামাণিক ও কলেজছাত্র ইমরান হোসেন ঘটনাস্থলেই নিহত হন। ইমরান লেখাপড়ার খরচ জোগাতে সবজি ব্যবসা করতেন।
গতকাল শনিবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, বিছানায় শুয়ে নূর আলম যন্ত্রণায় ছটফট করছেন। বিছানার এক পাশে বসে আছেন সামছুন নাহার।
সামছুন নাহার জানান, সিরাজগঞ্জ থেকে গত মঙ্গলবার রাতেই এই হাসপাতালে এনে তাঁর বাবাকে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তাঁকে পরদিন ঢাকায় নেওয়ার জন্য বলেছিলেন, কিন্তু ঢাকায় নেওয়ার মতো সামর্থ্য তাঁদের নেই। তাই আর নেওয়া হয়নি। এখানকার চিকিৎসকদের তত্ত্বাবধানেই বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। প্রতিদিনই ওষুধ কিনতে অনেক টাকা লাগছে। ধার-দেনার টাকায় এত দিন খরচ চলেছে। এখন লজ্জায় কারও কাছে হাত পাতা যাচ্ছে না। সংসারে উপার্জন বন্ধ। অভাবে বাড়িতে চুলা জ্বলছে না। ছোট দুই ভাইবোন স্থানীয় মাদ্রাসায় পড়ে। তাদের মুখে ভাত জুটছে না। কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।
তিন দিন ধরে হাসপাতালে দগ্ধ নূর আলমের সেবা করছিলেন তাঁর ছোট ভাইয়ের মেয়ে সুলতানা বেগম। চাচার এমন করুণ পরিণতির জন্য তিনিও ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হাসিনা-খালেদা ক্যাংকা রাজনীতি করেন? গরিব মানুষক পুড়ে মারে ফেলে তাঁরা একজন গদিত বসার জন্যি, আরেকজন গদি ধরে রাখার জন্যি মানুষক পুড়ে মারিচ্চে। হাসপাতালে এডা মানুষ তিন দিন ধরে যন্ত্রণায় ছটফট করিচ্চে। দুই নেত্রীর কোনো লোক খোঁজ লিতে আসেনি। ইডা ক্যাংকা রাজনীতি। খালি গরিব মানুষক জ্বলে পুড়ে গদির জন্যি রাজনীতি করিচ্চে তাঁরা।’
ওই হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসক শহীদুল্লাহ দেওয়ান জানান, নূর আলমের পুরোপুরি সুস্থ হতে অনেক সময় লাগবে।