দগ্ধ গৃহবধূর মৃত্যু, স্বামীসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীরচরের দগ্ধ গৃহবধূ সাবিনা আক্তার (২৮) গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পরিবারের অভিযোগ, যৌতুক না দেওয়ায় সাবিনার গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছিলেন স্বামী আবুল কালাম আজাদসহ শ্বশুরবাড়ির লোকজন। পুলিশ বলছে, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। স্বামী আজাদ ও শ্বশুর মনু মিয়াকে গ্রেপ্তারের পর জেলহাজতে পাঠানো হয়েছে। আজ তাঁদের রিমান্ডের শুনানি হবে।
ঢাকা মেডিকেল সূত্র জানায়, ১৭ জানুয়ারি দগ্ধ অবস্থায় সাবিনাকে হাসপাতলে ভর্তি করা হয়। গতকাল সকাল ১০টার দিকে তিনি মারা যান। সাবিনা স্বামীর সঙ্গে কামরাঙ্গীরচরের হারিকেন ফ্যাক্টরি রোড এলাকার এক বাসায় থাকতেন।
সাবিনার ভাই নাদিমুদ্দিন বলেন, ছয় বছর আগে তাঁর বোনের সঙ্গে আজাদের বিয়ে হয়। তাঁদের আপন নামের পাঁচ বছরের এক সন্তান আছে। সন্তান জন্মের পর থেকেই আজাদ যৌতুকের জন্য সাবিনার ওপর চাপ দিতেন। সাবিনার কথা চিন্তা করে আজাদকে বেশ কয়েকবার টাকাও দেওয়া হয়েছিল। সম্প্রতি কামরাঙ্গীরচরের একটি কমিউনিটি সেন্টারে ছেলে আপনের খতনা অনুষ্ঠান করা হয়। সেখানে এক লাখ টাকা খরচ হয়েছে দাবি করে আজাদ তা দেওয়ার জন্য সাবিনার ওপর চাপ দেন।