দগ্ধ চয়ন কি হেরেই যাবেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে পোড়া দেহের তীব্র যন্ত্রণা, অন্যদিকে অর্থের অভাব। এর কোনটাকে সামাল দেবেন তিনি? যন্ত্রণা না হয় সইলেন কিন্তু তাতেই কি জীবন-মৃত্যুর লড়াইয়ে জিতে যাবেন? পেট্রলবোমায় দগ্ধ পিতৃহীন চয়ন মণ্ডলের এই হার-জিতের লড়াইয়ে এখন বাদ সেধেছে অর্থ।
অর্থের অভাবে চিকিৎসা একরকম বন্ধই হয়ে গেছে চয়ন মণ্ডলের (২৩)। দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানের এ অবস্থায় গোটা পরিবারও পড়েছে চরম হতাশা ও অসহায়ত্বে।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দোতলার সাত নম্বর শয্যায় অসহ্য যন্ত্রণায় কাতর পেট্রলবোমা হামলার শিকার চয়ন। বাঁ হাত, কানসহ কাঁধের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে তাঁর।
ট্রাকশ্রমিক চয়ন গত ১৮ ফেব্রুয়ারি রাতে মাগুরায় দুর্বৃত্তের পেট্রলবোমার শিকার হন। তাঁর মাথার পাশে বসা অসহায় মা অনিমা রানী কান্নাজড়িত কণ্ঠে বললেন, প্রিয় সন্তানটি তাঁর আগে পুড়েছেন পেট্রলবোমার আগুনে, আর এখন পুড়ছেন যন্ত্রণার আগুনে।
মা জানান, দুর্ঘটনার পর থেকে তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। চয়নের বাবা মারা গেছেন আগেই। তাই চিকিৎসার খরচ দেওয়া, খোঁজখবর নেওয়া ও সেবা-যত্ন করার কেউ না থাকায় তাঁকে মাগুরা সদর হাসপাতাল থেকে শ্যামনগরে আনা হয়েছে। এখানেও প্রতিদিন তাঁর চিকিৎসায় ব্যয় হচ্ছে হাজার-বারো শ টাকা। ধারদেনা করে জোগাড় করা এ টাকাও এখন ফুরিয়ে যাওয়ার পথে। তাই বন্ধ হতে বসেছে চিকিৎসাও।
শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুজিত রায় জানান, দীর্ঘমেয়াদি এ চিকিৎসায় ওষুধ ও পথ্য ঠিকমতো না পেলে তাঁর সুস্থ হয়ে ওঠা কঠিন হয়ে পড়বে।
চয়ন জানান, ১৮ ফেব্রুয়ারি রাতে ট্রাকে বালু নিয়ে তাঁরা রাজবাড়ী থেকে শ্যামনগর ফিরছিলেন। পথে মাগুরার শিমুলিয়া ঢাল এলাকায় ঝোপের ভেতর থেকে চারজন বের হয়েই চারটি পেট্রলবোমা ছোড়ে তাঁদের গাড়িতে। দুটি লক্ষ্যভ্রষ্ট হলেও একটি ট্রাকের পাশে ও অপরটি সামনের কাচে আঘাত হানে। এতে তাঁর বাঁ কাঁধ, হাতসহ শরীরে আগুন লেগে যায়। ওই সময় অক্ষত চালকের সঙ্গে তিনি লাফিয়ে নিচে পড়েন। মাটিতে গড়াগড়ি দিয়ে বাঁচার চেষ্টা চালান। পরে আশপাশের লোকজন এসে তাঁকে মাগুরা হাসপাতালে ভর্তি করেন।
চয়ন জানান, শ্যামনগরের বাধোঘাটা গ্রামে তাঁদের বাড়ি। বসতভিটা ছাড়া কোনো জায়গাজমি নেই। পরিবারে আছেন বিধবা মা আর এক বোন। এ অবস্থায় দুর্ঘটনার পাঁচ দিন পর ২৩ ফেব্রুয়ারি তাঁকে শ্যামনগরে নিয়ে আসা হয়। কিন্তু প্রয়োজনীয় ওষুধ হাসপাতাল থেকে সরবরাহ না পাওয়ায় অধিকাংশ ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। দরিদ্র হওয়ায় মানুষের কাছে চেয়েচিন্তে যতটুকু মিলছে তা দিয়েই এত দিন চিকিৎসা চলেছে। এখন তা-ও আর মিলছে না।