চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে তেলবাহী ট্যাংকলরি থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় গত শনিবার রাত ১১টার দিকে লরির দগ্ধ চালক বাদশা মিয়া (৫০) মারা গেছেন। তাঁর বাড়ি মতলব উপজেলায়। তাঁর লাশ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।
এ নিয়ে গত ১১ দিনে ওই দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল পাঁচজনে। চাঁদপুরের সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৩১ আগস্ট দিবাগত রাত সাড়ে ১২টায় চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে একটি ট্যাংকলরি থেকে পাইপ দিয়ে যমুনা অয়েল কোম্পানির তিনতলা ভবনের নিচতলায় ড্রামে পেট্রল সরবরাহ করা হচ্ছিল। এ সময় বিকট শব্দ করে লরিটিতে আগুন ধরে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় ছয়জন আহত হন। তাঁদের মধ্যে তেল ব্যবসায়ী মিজানুর রহমান (৫০), তাঁর ছেলে মো. রায়হান (২৩), লরির সহকারী নূর মোহাম্মদ (২০) ও মাসুদ হোসেন (২৮) মারা যান। বেলাল হোসেন (৩৫) নামের একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।
এদিকে ওই দুর্ঘটনায় জেলা প্রশাসকের গঠিত তিন সদস্যের তদন্ত দল গতকাল রোববারও তদন্ত অব্যাহত রেখেছে। ঘটনার ১০ দিন পর গতকাল শনিবার চাঁদপুর-৩ আসনের সাংসদ দীপু মনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালিউল্লা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ পাঁচজনকে আসামি করে
মামলা করে। তাঁরা সবাই মারা গেছেন।