দগ্ধ ছেলের পর মারা গেলেন বাবা
রাজধানীর কাফরুলে টিনশেডের একটি বাড়িতে আগুন লেগে দগ্ধ সাত ব্যক্তির মধ্যে গতকাল সোমবার দেলোয়ার হোসেন (৬০) নামে আরও একজন মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক রেজাউর রহমান সকালে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত শনিবার দেলোয়ারের ছেলে জাহিদ হোসেন (১৪) মারা যায়।
মিরপুর-১৪ নম্বর সেকশনের কাফরুলের সেনপাড়ার ৫৯০ নম্বর বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন দেলোয়ার হোসেন। গত ২৭ সেপ্টেম্বর দিবাগত রাতে তাঁর ঘরে গ্যাসপাইপে আগুন ধরে যায়। এ সময় দেলোয়ারের পরিবারের ছয় সদস্যসহ মোট সাতজন অগ্নিদগ্ধ হন। ফায়ার সার্ভিসের দল রাত ১টা ২০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। এ ঘটনায় দেলোয়ারের শরীরের ৪০ ভাগ পুড়ে যায়। অন্য দগ্ধ ব্যক্তিরা হলেন দেলোয়ার হোসেনের স্ত্রী সালেহা, তাঁদের ছেলে জাহিদ, দুই মেয়ে আমেনা, ফাতেমা এবং আমেনার ছেলে আরমান ও প্রতিবেশী রতন।