দগ্ধ তিন শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলায় চালকলের বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিন শ্রমিক মারা গেছেন। গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।
নিহত শ্রমিকেরা হলেন শিয়ালকোল গ্রামের ছবের আলী (৫০), তাঁর স্ত্রী জাহানারা খাতুন (৪০) এবং সাকেরা বেওয়া (৪৮)। বিস্ফোরণের ঘটনায় দগ্ধ বাকি দুজন শ্রমিক সুস্থ হয়ে উঠছেন।
শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান শেখ বলেন, গত বুধবার সন্ধ্যায় শিয়ালকোল বাজারে শামীম তালুকদারের চাতালে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজন শ্রমিক দগ্ধ হন। দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তরের পরামর্শ দেন। পরে তিনজনকে ঢাকায় ভর্তি করা হয়। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত একে একে তিনজনেরই মৃত্যু হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।