রাজধানীর মিরপুরে বিস্ফোরণের পর আগুনে দগ্ধ মোতাহার হোসেন, তাঁর স্ত্রী ও মেয়ের অবস্থার উন্নতি হয়নি। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।দেড় বছরের ছেলে মারুফ হোসেনের মৃত্যুর খবর গতকাল শুক্রবারও মোতাহার ও তাঁর স্ত্রী জোছনা বেগমকে জানানো হয়নি। এদিকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কারণ জানতে ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামত মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে।গতকাল বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, সারা শরীরে ব্যান্ডেজ বাঁধা মোতাহার, তাঁর স্ত্রী ও মেয়ে বৃষ্টি আক্তার (১০) কাতরাচ্ছেন। তাঁরা বিড়বিড় করে কিছু বলার চেষ্টা করছেন, কিন্তু বোঝা যাচ্ছে না। তাঁদের যন্ত্রণা দেখে পাশে থাকা উদ্বিগ্ন স্বজনেরাও কাঁদছেন।বার্ন ইউনিটের চিকিৎসকেরা জানান, তিনজনের অবস্থাই সংকটজনক।মিরপুর ১৩ নম্বরের সি ব্লকের টিনশেড বাড়ির একটি ঘরে থাকেন ফুটপাতের হকার মোতাহার। গত বুধবার গভীর রাতে তাঁর ঘরে বিস্ফোরণের পর আগুন ধরে গেলে ঘুমন্ত মোতাহার, তাঁর স্ত্রী জোছনা, ছেলে মারুফ ও মেয়ে বৃষ্টি দগ্ধ হয়। তাঁদের হাসপাতালে নেওয়ার পর মারুফ মারা যায়। বিস্ফোরণে ওই বাড়ির তিনটি ঘর ভেঙে গেছে এবং আগুনে সব মালামাল পুড়ে গেছে।মোতাহারের ভায়রা মো. শাহীন মোল্লা বলেন, মারুফের মৃত্যুর খবর গতকালও মা-বাবাকে জানানো হয়নি। তিনি বলেন, প্রায় সব ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। ঘটনার পর ধার করে ওষুধ কিনেছেন। এখন আর টাকা নেই।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা পুলিশ তদন্ত করছে।মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বোমা নিষ্ক্রিয়করণ দলের প্রধান ও অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামতগুলো মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রতিবেদন পাওয়া গেলে বিস্ফোরণ ও আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, ক্ষতিগ্রস্ত তিনটি ঘরে আলো-বাতাস ঢোকার ব্যবস্থা (ভেন্টিলেশন) ছিল না। সন্ধ্যার পর দরজা লাগিয়ে দেওয়ার পর বদ্ধ ঘরটিতে গ্যাসের সৃষ্টি হয়। গ্যাসের বাড়তি চাপে দুর্বল দেয়াল ভাঙতে শুরু করে। এ সময় বৈদ্যুতিক সুইচ থেকে সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে আগুন ধরে দ্রুত ছড়িয়ে পড়ে।ছানোয়ার হোসেন বলেন, গত চার বছরে রাজধানীতে এ ধরনের চারটি ঘটনা ঘটেছে। তবু মানুষ সচেতন হচ্ছে না।