দগ্ধ দুই গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রাবাড়ী ও খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দগ্ধ দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ওই দুই গৃহবধূর মৃত্যু হয়।
৫ মার্চ সায়েদাবাদে পারিবারিক কলহের জের ধরে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন তানিয়া আকতার। পরে তাঁকে ওই দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তানিয়ার দেবর মো. সুমন বলেন, স্বামী মোহাম্মদ মামুনের সঙ্গে ঝগড়ার জের ধরে নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছিলেন তানিয়া।
এদিকে খিলগাঁওয়ের নাসিরাবাদ এলাকায় পারিবারিক কলহের জের ধরে শরীরে আগুন ধরিয়ে দেন কোহিনুর আকতার নামে আরেক গৃহবধূ। গতকাল বিকেলে তাঁরও মৃত্যু হয়। কোহিনুরের ভাই আমজাদ হোসেন হাসপাতালে সাংবাদিকদের বলেন, তিন বছর আগে কোহিনুরের সঙ্গে মুদি দোকানদার মুরাদের বিয়ে হয়। মাস কয়েক ধরে তাঁদের মধ্যে কলহ চলছিল। এসব ঘটনার মধ্যেই তাঁর বোনের গায়ে আগুন লাগার ঘটনা ঘটে। মুরাদ-কোহিনুর দম্পতির একটি মেয়ে রয়েছে বলেও জানান আমজাদ হোসেন।