
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের বিছানায় যন্ত্রণাকাতর সাত বছরের শিশু মরিয়ম। চোখের কোল বেয়ে গড়িয়ে পড়ছে পানি। চাইছে মায়ের স্পর্শ। কিন্তু তার পুরো শরীর এমনভাবে ব্যান্ডেজে মোড়া যে মা ভেবেই পান না কোথায়, কীভাবে স্পর্শ করবেন।
গত বুধবার রাতে গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় মরিয়মের ছোট্ট শরীরের বুক থেকে পা পর্যন্ত ও শরীরের পেছনের অংশ পুড়ে গেছে। শুরুতে ওয়ার্ডে রাখা হলেও গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়।
একই ঘটনায় দগ্ধ ১২ বছরের শিশু রাকিব মিয়াও নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। চিকিৎসকেরা বলেছেন, মরিয়ম ও রাকিব দুজনের অবস্থাই খুব আশঙ্কাজনক। গাজীপুরে বাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ আরও চারজনের মধ্যে নূরনবীর (২৬) অবস্থাও আশঙ্কাজনক। অবরোধ-হরতালে পেট্রলবোমা ও আগুনে দগ্ধ মোট ৬২ জন গতকাল বৃহস্পতিবার চিকিৎসাধীন ছিলেন বার্ন ইউনিটে। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছয়জন এবং সার্বক্ষণিক সেবা ইউনিটে (হাই ডিপেনডেন্সি ইউনিট) আছে আটজন।
বার্ন ইউনিটের চিকিৎসকেরা জানান, শিশুদের শরীরের ১০ শতাংশ পুড়লেই জীবন হুমকির মুখে পড়ে। মরিয়মের শরীরের ৪৫ শতাংশ গভীরভাবে পুড়েছে। কয়েক দিন পরই মরা চামড়া থেকে একধরনের বিষাক্ত রাসায়নিক বের হতে শুরু করবে, যা শরীরের রক্ত, কিডনি, বিপাকতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সবকিছু বিবেচনায় মরিয়মের অবস্থা খুব সংকটজনক।
জানা গেছে, মরিয়ম তার মা নার্গিসের একমাত্র অবলম্বন। দুই বছর আগে মরিয়মের বাবা আবদুল মতিন ব্লাড ক্যানসারে মারা গেছেন। স্বামীর চিকিৎসা করাতে গিয়ে পরিবারটিকে কিশোরগঞ্জের দোকান ও একখণ্ড জমি বিক্রি করতে হয়েছে। মতিনের মৃত্যুর পর শূন্য হাতে মেয়ের হাত ধরে কিশোরগঞ্জ থেকে গাজীপুরে চলে আসেন নার্গিস। সেই থেকে একটি পোশাক কারখানায় কাজ করছেন। মেয়েকে কাছেই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়েছেন। মেয়ের দেখাশোনার জন্য কাছে এনে রেখেছেন নিজের মাকেও। নার্গিস প্রথম আলোকে বলেন, বুধবার নানির সঙ্গে মরিয়ম খালার বাড়ি বেড়াতে যাচ্ছিল। তিনি তখন কারখানায়। হঠাৎ এক সহকর্মী জানান, মরিয়ম সদর হাসপাতালে। যন্ত্রণায় বুধবার রাত থেকে একনাগাড়ে কাঁদছে মরিয়ম। কাঁদতে কাঁদতে তার গলা এমনভাবে ভেঙেছে যে মুখের কাছে কান নিয়ে কথা শুনতে হয়। তিনি বলেন, ‘সবাইরে বইলেন আমার মেয়েটার জন্য একটু দোয়া করতে। আর কেউ নাই আমার। কোথাও কেউ নাই।’
মরিয়মের আগেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয় শিশু রাকিবকে। শ্বাসতন্ত্র মারাত্মকভাবে পুড়ে গেছে তার। ঠোঁট দুটি ফোলা, মুখটা ‘হাঁ’ হয়ে আছে। মা রাশেদা বেগমের সঙ্গে সেই ১০ বছর বয়স থেকে গাজীপুরে কাঁচামালের আড়তে কাজ করে। বুধবারও আড়তের দিকে যাচ্ছিল। পেট্রলবোমার আগুনে দগ্ধ হয়ে এখন লড়ছে মৃত্যুর সঙ্গে।
দগ্ধ নূরনবী পেশায় রংমিস্ত্রি। শরীরের ৫৩ শতাংশ পুড়ে যাওয়ায় তাঁর অবস্থাও আশঙ্কাজনক। তাঁর বাড়ি কুড়িগ্রামে। বুধবার রাতে গাজীপুরে বাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ বাসচালক জাহাঙ্গীর, সবুজ ও কামরুল হাসানও বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
পুড়েছে শিশু নাজিমউদ্দিনও: উত্তরায় ৩ নম্বর রুটের একটি বাসে ঘুমিয়ে ছিল ১২-১৩ বছর বয়সী নাজিমুদ্দিন। সে বাসচালকের সহকারী। সারা দিন কাজ শেষে বাসের ভেতর ঘুমিয়েছিল। দুর্বৃত্তরা বাসে আগুন দেওয়ায় ঘুমন্ত নাজিমুদ্দিন দগ্ধ হয়। ক্ষতিগ্রস্ত হয়েছে তার চোখও। এ কারণে বার্ন ইউনিট থেকে তাকে পাঠানো হয়েছে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে।
টানা অবরোধ শুরু হওয়ার পর থেকে গতকাল পর্যন্ত ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা নিয়েছেন ১১৮ জন।