দগ্ধ দুজনের অবস্থার অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারিন্দায় মেসে তালা লাগিয়ে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ শহীদুল ইসলাম ও সাকিবের অবস্থার আরও অবনতি ঘটেছে। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকেরা বলেছেন, তাঁদের অবস্থা সংকটজনক।
গত বুধবার গভীর রাতে নারিন্দায় একটি মেসের কক্ষে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে আগুন দেওয়া হলে রেস্তোরাঁ ব্যবসায়ী মো. সুমন (৩৪) মারা যান। এ ঘটনায় তাঁর দুই কর্মচারী শহীদুল ইসলাম ও সাকিব দগ্ধ হন। শহীদুলের শরীরের ৮৫ ভাগ ও সাকিবের শরীরের ৩২ ভাগ পুড়ে গেছে।
এদিকে আগুন লাগিয়ে হতাহত হওয়ার ঘটনায় গতকাল শুক্রবার ওয়ারী থানায় হত্যা মামলা হয়েছে। এতে সুমনের সাবেক কর্মচারী রাজীব ও সোহাগকে আসামি করা হয়েছে।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেহাদ হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, রাজীব ও সোহাগের এই ঘটনায় জড়িত থাকার তথ্য-প্রমাণ মিলছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র বলেছে, রাজীব নিহত সুমনের ভাগনে। রাজীব ও সোহাগ একসময় সুমনের দোকানের কর্মচারী ছিলেন। পরে তাঁরা সুমনের কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ঋণ নিয়ে ধোলাইখালে তারেক নামের এক ব্যক্তির সঙ্গে ব্যবসা শুরু করেন। একপর্যায়ে রাজীব ও সোহাগ মাদকাসক্ত হয়ে পড়েন। তারেকের কাছে তাঁরা বিনিয়োগ করা টাকা ফেরত চান। তারেক ওই টাকা দিতে চান সুমনের হাতে। সুমন তাঁর ভাগনে রাজীব ও সোহাগকে জানান, তাঁর পাওনা টাকা কেটে রেখে বাকি টাকা তাঁদের ফেরত দেবেন। এ নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। রাজীব ও সোহাগ নারিন্দার ওই মেসে সুমনের পাশের কক্ষে থাকলেও দুই দিন আগে অন্যত্র বাসা নেন।