দগ্ধ মা ও ছেলের অন্যরকম যন্ত্রণা

ভাসা ভাসা দুটি চোখ। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে সবার দিকে। কথা বলতে চাইলে কান্না জুড়ে দেয়। খাওয়ার কথা বললে ভয়ে আঁতকে উঠে কেঁদে ফেলে। পোড়া শরীরের যন্ত্রণায় কাতর শিশুটি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রায় ২০ দিন ধরে এভাবে যন্ত্রণায় ভুগছে চার বছরের শিশু আশফাক।
যন্ত্রণা শুধু আশফাকের একার নয়। তার সঙ্গে যন্ত্রণায় কাতরাচ্ছেন মা পারুল বেগম (৩৭)। গত ৩ জুন রাজধানীর কারওয়ান বাজারে বাস দুর্ঘটনায় দগ্ধ হন মা ও ছেলে। সেই থেকে দুজন হাসপাতালে। পাশে কেউ নেই। বার্ন ইউনিটের আয়া ফাতেমা মা ও ছেলের পরিচর্যা করেন। তিনি বলেন, ‘ছেলেটা কিছু খায় না। এখানে আমরা যখন থাকি, ওরে খাওয়ানোর চেষ্টা করি। কিন্তু এমনও সময় আছে, ড্রেসিংয়ে নিয়ে যাওয়ার লোকও পাওয়া যায় না।’
ফাতেমা বলেন, চিকিৎসা তো দূরে থাক, ওদের খাওয়ার টাকাও নেই। প্রতিদিন বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে খাবার জোগাড় করতে হচ্ছে। আশফাক একেবারেই খেতে পারছে না। ভর্তির সময় ১৭ কেজি ওজন ছিল শিশুটির। এখন সাত কেজিতে নেমে এসেছে।
মিরপুরের দারুস সালাম থেকে আট নম্বর রুটের বাসে করে ছেলেকে নিয়ে শাহবাগ যাচ্ছিলেন পারুল। বিকেল চারটার দিকে কারওয়ান বাজারের সিএ ভবনের সামনে দুটি বাস পাল্লা দিয়ে চলছিল। এক পর্যায়ে উল্টে যায় পারুলদের বহনকারী বাসটি।
ইঞ্জিনের ফুটন্ত পানিতে ঝলসে যায় দুজনের শরীরের বেশির ভাগ অংশ। এর পর থেকে এই দুজনের চিকিৎসা চলছে বার্ন ইউনিটের পাঁচতলায়, শিশু বিভাগে। আশফাকের পেট ও ডান পা এবং পারুলের বুকের ডান পাশ, ডান পা একেবারে পুড়ে গেছে। ব্যান্ডেজে মোড়ানো তাদের শরীর। দুজনই অনেকটা নিথর। দেখার কেউ নেই। চিকিৎসার খরচও জোগাড় হচ্ছে না।
গৃহকর্মীর কাজ করে পাওয়া সম্বল যা ছিল পারুলের, তার সবটুকুই ফুরিয়ে গেছে ২০ দিনের চিকিৎসার খরচ মেটাতে। এ পর্যন্ত চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা খরচ হয়ে গেছে পারুলের। আজ সোমবার শারীরিক অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করতেই চোখ বড় করে কথা বলার চেষ্টা করেন পারুল। কষ্ট করে তিনি বলেন, ‘আমাগো দেখনের কেউ নাই। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। বড় মেয়ে হাফিজারেও ওর বাপে আসতে দেয় না।’
পারুল বলেন, বিকাশে তাঁর ৩৫ হাজার টাকা জমা আছে। তা তুলতে পারছেন না। তিনি বলেন, ‘কারওয়ান বাজার থেকে বার্ন ইউনিটে একজন নিয়ে আইছিল। ওই লোকটা আমার মোবাইল নিয়ে গেছে। তাই বিকাশের ট্যাকা তুলতে পারতাছি না।’

পারুল বলেন, এ পর্যন্ত তাঁকে ছয় ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। আশফাককে দিতে হয়েছে এক ব্যাগ। সব মিলিয়ে রক্তের জন্য খরচ হয়েছে সাত হাজার টাকা। আশফাককে আরও চার ব্যাগ রক্ত দিতে হবে। সে টাকা পারুলের কাছে নেই। আকুতি নিয়ে পারুল বলেন, ‘আমার যা হওনের হইছে। পোলাটারে বাঁচান।’
বার্ন ইউনিটের আবাসিক সার্জন হেদায়েত আলী খান প্রথম আলোকে বলেন, ‘সাধ্যমতো পারুল ও আশফাকের চিকিৎসা চলছে। তবে কেউই আশঙ্কামুক্ত নয়। ওদের আত্মীয়-স্বজন কেউ দেখতে আসেনি। দুজনের দেখাশোনার জন্য আমরা একজন আয়া দিয়েছি।’