দগ্ধ মাসুম মারা গেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুম
মাসুম

রাজধানীর কাজীপাড়ায় এমব্রয়ডারির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ মাসুমের (১৭) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল চারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। এ ঘটনায় দগ্ধ অন্য দুজনের অবস্থাও আশঙ্কাজনক।

মাসুম ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুতবা গ্রামের আবু তাহেরের ছেলে। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল মাসুমের মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি বলেন, দগ্ধ মাইনুদ্দিন ও আলামিনের অবস্থাও আশঙ্কাজনক।

গত শুক্রবার গভীর রাতে পূর্ব কাজীপাড়ার মাতবর পুকুরপাড় এলাকায় ছয়তলা ভবনের নিচতলায় ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত সোয়া তিনটার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়েছেন বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিবন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রচেষ্টায় ভোররাত সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

কাজীপাড়ায় অগ্নিকাণ্ডে দগ্ধ আলামিন (বামে) ও মাইনুদ্দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। ছবি: সংগৃহীত
কাজীপাড়ায় অগ্নিকাণ্ডে দগ্ধ আলামিন (বামে) ও মাইনুদ্দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। ছবি: সংগৃহীত

কারখানার প্রোডাকশন ম্যানেজার নুরুজ্জামান বলেন, ঘটনার সময় পাঁচ শ্রমিক কাজ করছিলেন। তাঁদের বয়স ১৭ থেকে ২১ বছরের মধ্যে। মিরপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মোখলেস বলেন, কারখানার একটি কক্ষ থেকে তিনজনকে দগ্ধ অবস্থায় এবং অন্য একটি কক্ষ থেকে দুজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

উদ্ধারের পরপরই দগ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল বলেন, দগ্ধ মাইনুদ্দিন ও মাসুমের ৮০ শতাংশ এবং আলামিনের ৭০ শতাংশ পুড়ে গেছে।