দগ্ধ রোগীদের পুনর্বাসনের পরিকল্পনা সরকারের
হরতাল-অবরোধের সময় আগুনে দগ্ধ হওয়া রোগীদের পুনর্বাসনের পরিকল্পনা আছে সরকারের। এ ছাড়া পুড়ে নিহত ব্যক্তিদের স্বজনদের স্বাবলম্বী করারও উদ্যোগ নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জুলফিকার আলী এসব কথা বলেন। সম্প্রতি হরতাল-অবরোধে দগ্ধ মানুষের চিকিৎসাসংক্রান্ত তথ্য, বার্ন ইউনিটের সীমাবদ্ধতা-অগ্রগতিসহ বিভিন্ন বিষয় গণমাধ্যমে তুলে ধরতে বার্ন ইউনিট কর্তৃপক্ষ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
জুলফিকার আলী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দগ্ধ ব্যক্তিদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে। আহত ও নিহত ব্যক্তিদের তালিকা সংগ্রহ করা হচ্ছে। আহত ব্যক্তিদের ধীরে ধীরে পুনর্বাসন ও নিহত ব্যক্তিদের স্বজনদের স্বাবলম্বী করার পরিকল্পনা আছে। চিকিৎসার জন্য দগ্ধ রোগী ও তাঁদের স্বজনদের যাতে কোনো টাকা খরচ করতে না হয়, সে ব্যবস্থাও নেওয়া হয়েছে। অর্থ ছাড়া বার্ন ইউনিটে সরকারিভাবেই ওষুধ সরবরাহ করা হচ্ছে। চিকিৎসার জন্য কেউ তাৎক্ষণিকভাবে টাকা খরচ করে ফেললে রসিদ দেখালেই ওই টাকা ফেরত দেওয়া হবে।
ঢাকা মেডিকেলের পরিচালক মুস্তাফিজুর রহমান বলেন, ‘জনবলসংকটসহ নানা সীমাবদ্ধতার মধ্যেও আমরা পোড়া রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ বার্ন ইউনিটের সমন্বয়কারী সামন্তলাল সেন বলেন, ‘সহিংসতার আগুনে পোড়া কাউকে যেন আমাদের চিকিৎসা দিতে না হয়, আমরা সেই কামনাই করি।’ বার্ন ইউনিটের অধ্যাপক সাজ্জাদ খন্দকার বলেন, মারা যাওয়া অনেকের ৬০ শতাংশের বেশি পোড়া ছিল। অনেকের শ্বাসনালি ছিল পোড়া, অনেকের ছিল ডায়াবেটিস ও শ্বাসকষ্ট। দর্শনার্থীদের অতিরিক্ত চাপে দগ্ধ রোগীদের সংক্রমণের ভয় থাকে। এতে সেপটিসেমিয়া হয়ে রোগী মারা যেতে পারেন। তাই সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে সবার সহযোগিতা প্রয়োজন। দগ্ধ ব্যক্তিদের শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক চিকিৎসাও দরকার।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেন, গত ২৬ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত ৭৩ দিনে হরতাল-অবরোধের সময় আগুন, পেট্রলবোমাসহ সহিংসতায় দগ্ধ হওয়া ৯৮ জন রোগীকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৪৬ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। মারা গেছেন ২২ জন। বর্তমানে ভর্তি আছেন ৩০ জন। সংবাদ সম্মেলনে গত ২ নভেম্বর পেট্রলবোমায় দগ্ধ হওয়া গীতা সেন বলেন, ‘আমি নতুন জীবন পেয়েছি। সরকারের উচিত বার্ন ইউনিটের উন্নয়নে আরও সুদৃষ্টি দেওয়া।’