দগ্ধ রোজা মারা গেল
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অগ্নিদগ্ধ তিন বছর বয়সী রোজা মারা গেছে। রোববার দিবাগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল প্রথম আলোকে বলেন, রোজার শরীরের ৪৬ শতাংশ পুড়ে গিয়েছিল। সে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
গত বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জের ভাগৈর এলাকায় গ্যাস সিলিন্ডার দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। সেদিনই তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধ বাকি চারজন হলেন রাজু আহমেদ (২৮), তাঁর দুই মেয়ে জান্নাত আক্তার (৫) ও রোজা (৩), রাজুর বোন শারমিন আক্তার (২৪) ও রাজুর চাচাতো ভাই হাবিবুর রহমান ওরফে হাবিব (১৯)। এদের মধ্যে রাজুর শরীরের ৩০, জান্নাতের ২৬, শারমিন আক্তারের ১০ ও হাবিবুরের ৩০ শতাংশ পুড়ে গেছে।
চিকিৎসা নিয়ে শারমিন বাড়িতে ফিরে গেছেন। বাকিরা এখনো হাসপাতালে ভর্তি।
দগ্ধ হাবিবের বাবা মোতালেব হোসেন বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাসায় গ্যাস সিলিন্ডার কিনে আনেন রাজু। রাত আটটার দিকে শারমিন গ্যাস সিলিন্ডারের পাশে থাকা চুলা জ্বালাতে গেলে আগুন লেগে ছড়িয়ে যায়। এতে শারমিন, রাজু ও তাঁর দুই সন্তান এবং চাচাতো ভাই দগ্ধ হন। গ্যাস সিলিন্ডারের ছিদ্র থেকে গ্যাস বেরিয়ে রান্নাঘরে জমে ছিল। দেশলাই দিয়ে আগুন ধরানোর সঙ্গে সঙ্গে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।