দগ্ধ শরিফ বার্ন ইউনিটে যুজছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেট্রলবোমায় দগ্ধ শরিফ হোসেন যুজছেন। শরীরের ৮৮ শতাংশ পুড়ে গেছে তাঁর। চিকিৎসকেরা স্বজনদের বলেছেন, সবকিছু এখন সৃষ্টিকর্তার হাতে। তাঁরা শুধু পোড়া শরীরের মানুষটাকে একটু স্বস্তি দিতে চাইছেন।
গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন শরিফ হোসেনের স্বজন শাহ সেকান্দার জানান এসব কথা।
শাহ সেকান্দার জানান, ধার-কর্জ করে ট্রাক কিনেছিলেন যশোরের ঝিকরগাছার শরিফ। ঋণ শোধ করেছেন গেল সপ্তাহে। সাধের ট্রাক। ২০-দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে যদি পুড়ে যায়, এই ভয়ে বের করেননি ট্রাকটি। কিন্তু কত দিন বসে থাকবেন। সাত, পাঁচ আর দেড় বছরের তিন সন্তান, বৃদ্ধ মা যাঁর ওপর নির্ভরশীল তিনি কত দিনই বা আর বসে থাকতে পারেন। তাই ঝুঁকি নিয়েই বেরিয়েছিলেন। চালকের পাশে বসে চট্টগ্রাম এসেছিলেন। সেখান থেকে চাঁদপুরের হরিণা ফেরিঘাটের দিকে আসছিলেন গত বুধবার। আচমকা চান্দ্রা সড়কে রাত ১২টার দিকে দুর্বৃত্তরা পেট্রলবোমা ছোড়ে ট্রাকে। ঘটনাস্থলেই চালক জাহাঙ্গীর মারা যান। সহযাত্রী খোরশেদ আলম (৩০) ও রুবেল হোসেনের (২০) অবস্থাও আশঙ্কাজনক। খোরশেদের শ্বাসতন্ত্রসহ ৩৫ শতাংশ এবং রুবেলের শ্বাসতন্ত্রসহ শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। দুজনই এখন সার্বক্ষণিক পরিচর্যাকেন্দ্রে (এইচডিইউ) চিকিৎসাধীন।
পেট্রলবোমায় দগ্ধ হয়ে এ দফায় ১৭২ জন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে সেবা নিয়েছেন। এখন ভর্তি আছেন ২৬ জন। মারা গেছেন ১৫ জন। এ ছাড়া, গতকাল শনিবার তিনজন রোগীর অস্ত্রোপচার হয়েছে।