দগ্ধ শান্তা মারা গেলেন
রাজধানীর গাবতলী বেড়িবাঁধের দীপনগর বস্তিতে অগ্নিদগ্ধ গৃহবধূ শান্তা আক্তার (২৫) গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় দগ্ধ তাঁর তিন বছরের মেয়ে বৃষ্টি আক্তার, প্রতিবেশী আবদুল গণি ও রুবেল হোসেন একই হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।
শান্তার স্বামী সোহেল রানা কান্নাজড়িত কণ্ঠে বলেন, টাকার অভাবে তিনি তাঁর স্ত্রী ও সন্তানের জন্য ওষুধ কিনতে পারছেন না। কাতরাতে কাতরাতে স্ত্রী তাঁর চোখের সামনে মারা গেলেও করার কিছুই ছিল না। তাঁর তিন বছরের শিশুকে বাঁচাতে তিনি বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেন।
সোহেল রানা জানান, ঝালকাঠির সদর উপজেলার ষাটটিক্কা গ্রাম থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে দীপনগর ভাড়া করা এই ছাপরা ঘরে ওঠেন। তিনি দিনমজুরি করেন এবং তাঁর স্ত্রী গৃহকর্মী ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বার্ন ইউনিটের একজন চিকিৎসক বলেন, হাসপাতালে যেসব ওষুধ আছে, তা তাঁদের দেওয়া হচ্ছে। অগ্নিদগ্ধ শিশুসহ বাকি তিনজনের অবস্থা সংকটাপন্ন।
গত বুধবার রাতে গাবতলী বেড়িবাঁধের দীপনগরে আবদুল গণির ছাপরা ঘরে কেরোসিনের চুলা বিস্ফোরিত হলে আগুন ধরে তিনি ও তাঁর স্বজন রুবেল, পাশের কক্ষের শান্তা ও তাঁর সন্তান বৃষ্টি গুরুতর দগ্ধ হন। ঘটনার সময় সোহেল রানা বাইরে ছিলেন।