চট্টগ্রামে রান্নাঘরে এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-মেয়ের মধ্যে মেয়েটি মারা গেছে। গতকাল শনিবার গভীর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বছর বয়সী ঐশী মারা যায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক মোহাম্মদ এস খালেদ প্রথম আলোকে জানান, আগুনে ঐশীর শরীরের ৫৫ শতাংশ ও তার বাবা রাজুর ৩২ শতাংশ পুড়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে ঐশী মারা যায়। তার বাবার অবস্থাও সংকটাপন্ন। তাঁর শ্বাসনালির কিছু অংশ পুড়ে গেছে।
গতকাল শনিবার বিকেলে চট্টগ্রামের ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় একটি বাসার রান্নাঘরে এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রাজু (২৪) ও তাঁর এক বছর বয়সী মেয়ে ঐশী দগ্ধ হয়। তাদের উদ্ধার করে প্রথমে নেভি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
রান্না করার সময় গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। ঐশীর মা পোশাক কারখানায় কাজ করেন। দুর্ঘটনার সময় তিনি কারখানায় ছিলেন।