দগ্ধ শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় জাহাজভাঙা কারখানায় (শিপব্রেকিং ইয়ার্ড) দগ্ধ আট শ্রমিকের মধ্যে একজন গতকাল বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত শ্রমিক মো. খোকনের শরীরের ৫০ ভাগ পুড়ে গিয়েছিল।
হাসপাতালের বার্ন বিভাগের সহকারী অধ্যাপক এস খালেদ বলেন, খোকনের অবস্থা খুবই খারাপ ছিল। দুর্ঘটনায় তাঁর শ্বাসনালী পুড়ে যায়। গতকাল সকালে তাঁর মৃত্যু হয়।
চিকিৎসক এস খালেদ বলেন, চিকিৎসাধীন অন্য শ্রমিকদের মধ্যে তিনজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।
গত শনিবার কুমিরার শীতল এন্টারপ্রাইজ নামের একটি ইয়ার্ডে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে আট শ্রমিক দগ্ধ হন।
এদিকে জাহাজভাঙা ইয়ার্ডে শ্রমিক হতাহতের ঘটনায় শীতল এন্টারপ্রাইজের মালিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে আদালত অবমাননার নোটিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। গত সোমবার পাঠানো এই নোটিশে ইয়ার্ডটির সব কার্যক্রম স্থগিত করে দুর্ঘটনা তদন্ত করার অনুরোধ জানানো হয়।
ইয়ার্ড মালিক ছাড়াও পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ অন্যান্য কর্মকর্তাকে এই নোটিশ দেওয়া হয়।