দগ্ধ সাফিরের অস্ত্রোপচার হয়েছে
পেট্রলবোমায় দগ্ধ ছোট সাফিরের ডান পায়ে এবং থাইয়ের পেছনে আজ সোমবার বিকালে অস্ত্রোপচার করা হয়েছে। সাফিরের স্কিন গ্রাফটিং (চামড়া প্রতিস্থাপন) করা হয়েছে। এখন পর্যন্ত সে ভালো আছে বলে জানিয়েছেন সাফিরের চিকিৎসক বাবা সাইফুল ইসলাম। তিনি তাঁর ছেলের জন্য আবারও সবার কাছে দোয়া চেয়েছেন।
রাজধানীর সিটি হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিফ কনসালট্যান্ট মো. শহিদুল বারী বিকেল পাঁচটার দিকে সাফিরের অস্ত্রোপচার শেষ করেন। তিনিও প্রথম আলোকে বলেন, সাফিরের জ্বরটা নিয়ন্ত্রণে এসেছে। অস্ত্রোপচারের পর সে ভালো আছে।
২০-দলীয় জোটের ডাকা চলমান অবরোধে আড়াই বছরের সাফির গত ১৯ জানুয়ারি রাতে নারায়ণগঞ্জ শহরে পেট্রলবোমায় দগ্ধ হয়। তার শরীরের ১৭ শতাংশ পুড়ে যায়। ঘটনার দিনই সাফিরকে সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সাফিরের শরীরের আগুন নেভাতে গেলে তার বাবা সাইফুল ইসলামের হাত পুড়ে যায়। মা শারমিন সিদ্দিকার কপালে জখম হয়। কপালের খানিকটা ও চোখের কোণ পুড়ে যায়। একটা হাতও ভেঙে যায়। এই দুজনও সিটি হাসপাতালে ভর্তি ছিলেন। তবে এখন বাবা-মা ভর্তি না থাকলেও চিকিৎসা চলছে এবং তাঁরা সাফিরের পাশেই থাকছেন সারাক্ষণ।
আরও....