ঢাকার কেরানীগঞ্জ উপজেলার উত্তর বাহেরচর এলাকায় দুর্বৃত্তদের ছোড়া এসিডে দগ্ধ একই পরিবারের চারজনের মধ্যে শিশু আফসানা (এক বছর) মারা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ৩২ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বৃহস্পতিবার সকালে আফসানা মারা যায়।নিহত শিশুর খালা সুরাইয়া বেগম জানান, সোমবার সকালে আফসানার শরীরের দগ্ধ স্থানে অস্ত্রোপচার করা হয়। এরপর তার অবস্থার অবনতি ঘটতে থাকে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আফসানা মারা যায়।শিশু আফসানার মরদেহ গতকাল বিকেলে উত্তর বাহেরচর গ্রামে আনা হয়। বহু লোক শিশুটিকে একনজর দেখতে তার নানার বাড়িতে ভিড় করে। এসিড ছোড়ার ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা ও কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে আফসানার মরদেহ উত্তর বাহেরচর গ্রামে দাফন করা হয়েছে। গত ১০ ডিসেম্বর গভীর রাতে উত্তর বাহেরচর গ্রামের মৃত সুরুজ মিয়ার বাড়িতে ঢুকে এসিড নিক্ষেপ করে এক দুর্বৃত্ত। এতে সুরুজ মিয়ার তিন মেয়ে নাজমা, সুরাইয়া ও আসমা এবং আসমার ১১ মাসের শিশুসন্তান আফসানা দগ্ধ হয়।