দগ্ধ হয়ে চিকিৎসকের মৃত্যু, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোবার ঘরে আগুনে দগ্ধ হয়ে ইমতিয়াজ করিম (৪৮) নামের এক চিকিৎসক মারা গেছেন। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন তাঁর স্ত্রী সাবরিনা করিম। গতকাল শুক্রবার ভোরে চট্টগ্রাম নগরের খুলশীতে এ ঘটনা ঘটে। তবে কী কারণে ঘরে আগুন লেগেছে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ।
ইমতিয়াজ করিম ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভায়রা। এক মাস আগে খুলশীর ৪ নম্বর সড়কের ফিনলে জারা নামের বহুতল ভবনের দোতলার ভাড়া করা ফ্ল্যাটে ওঠেন ইমতিয়াজ-সাবরিনা দম্পতি। এই দম্পতি নিঃসন্তান। চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক ছিলেন ইমতিয়াজ।
পারিবারিক সূত্র জানায়, গুরুতর দগ্ধ অবস্থায় স্বামী-স্ত্রী দুজনকে গতকাল ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। পরে দুজনকে একই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে বেলা দেড়টার দিকে ইমতিয়াজ করিম মারা যান। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক এস মাহমুদ জানান, শ্বাসনালিসহ সাবরিনার শরীরের প্রায় ৯০ ভাগ অংশ পুড়ে গেছে। তাঁর স্বামী চিকিৎসক ইমতিয়াজেরও একই কারণে মৃত্যু হয়েছে।
গতকাল বেলা একটার দিকে সাবরিনাকে হেলিকপ্টারযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। দেশের ১৪টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন মুঠোফোনে প্রথম আলোকে জানান, সাবরিনার অবস্থাও আশঙ্কাজনক।
ইমতিয়াজের মৃত্যুর খবর শুনে স্বজনেরা ছাড়াও অন্য চিকিৎসকেরা গতকাল দুপুরে চমেক হাসপাতালে ভিড় করেন। সেখানে ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।’
সরেজমিনে দুপুরে খুলশীর ফিনলে জারা ভবনে গিয়ে দেখা যায়, দোতলার ফ্ল্যাটটি তালাবদ্ধ করে রাখা হয়েছে। সেখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ভবনের বাইরে থেকে দেখা যায় শোবার ঘরের জানালা ও বারান্দা পুড়ে কালো হয়ে আছে।
ভবনের তত্ত্বাবধায়ক মো. ইউনুছ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হইচই শুনে দোতলায় যান তিনি। এ সময় দোতলার জানালা ও বারান্দা থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখেন। চিকিৎসকের ফ্ল্যাটের দুই গৃহপরিচারিকা চিৎকার করে আগুন আগুন বলতে থাকেন। তিনি জানান, ঘরের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রটি পুড়ে গলে গেছে। সেই সঙ্গে বিছানা, বিছানার পাশের টিভিও পুড়ে যায়।
বহুতল ভবনটির কাছেই খুলশী থানা। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে যায়। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ‘কীভাবে আগুন লাগল সেটি এখনো বলা যাচ্ছে না। ঘরের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র পুরোপুরি পুড়ে গেছে। কক্ষটি আমরা সিলগালা করে রেখেছি।’
চিকিৎসক ইমতিয়াজ করিমরা চার ভাই ও দুই বোন। ইমতিয়াজের ফুফাতো ভাই আবু মনসুর চৌধুরী জানান, আজ শনিবার বাদ আসর জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা এবং বাদ মাগরিব নগরের আলকরণ এলাকায় দ্বিতীয় জানাজা হবে।