নীলফামারীর চওড়া বড়গাছা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে গত শনিবার রাতে অগ্নিকাণ্ডে সাত বছরের শিশু মোরছালিন ইসলাম দগ্ধ হয়ে মারা গেছে। এ ছাড়া অগ্নিকাণ্ডে ১২ পরিবারের ৩০টি ঘর ভস্মীভূত হয়েছে। একই রাতে রংপুরের তারাগঞ্জ উপজেলার সালাবানাপাড়া গ্রামে আগুনে পুড়ে গেছে ৩৬টি ঘর এবং শিক্ষার্থীদের বইখাতাসহ সবকিছু।
নীলফামারী ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার রাত ১০টার দিকে উত্তরপাড়া গ্রামের তৈয়ব আলীর বাড়ির রান্নাঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা তৈয়ব আলীর ছেলে মোরছালিন দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
চওড়া বড়গাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জুলফিকার আলী জানান, অগ্নিকাণ্ডে ১২টি পরিবারের টিনের ও খড়ের ৩০টি ঘর ও ঘরে থাকা আসবাবসহ সবকিছু পুড়ে গেছে।
নীলফামারী ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা এনামুল হক জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
এদিকে শনিবার রাত সাড়ে ১০টার দিকে তারাগঞ্জ উপজেলার সালাবানাপাড়া গ্রামের তমিজ উদ্দিনের ঘরে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ওই গ্রামের ৩৬টি ঘর, শিক্ষার্থীদের বইখাতা ও ধান-পাটসহ সবকিছু পুড়ে গেছে। আগুনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এই গ্রামের শহিদার রহমানের মেয়ে মৌসুমী খাতুন জেএসসি পরীক্ষার্থী। ডাংগীরহাট স্কুল ও কলেজে পড়ে সে। আর মাত্র দেড় মাস পর তার পরীক্ষা। কিন্তু বইখাতা, ব্যাগসহ পড়ার সব সামগ্রী আগুনে পুড়ে গেছে। বইয়ের অভাবে গতকাল রোববার সে বিদ্যালয়ে যায়নি। শুধু মৌসুমী নয়, ওই গ্রামের ১৭টি পরিবারের বিদ্যালয়গামী ২১ জন শিক্ষার্থীর একই অবস্থা। কেউই বইখাতা রক্ষা করতে পারেনি।
গ্রামের রেজাউলের স্ত্রী আপিয়া খাতুন বলেন, ‘আমার দুই ছেলেমেয়ে স্কুলে পড়ে। তাদের পড়ার জন্য বই নেই। ঘরে খাবার নেই। চাল-ডাল সব পুড়ে গেছে। বইখাতার অভাবে শিশুরা স্কুলে যাচ্ছে না।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আযম বলেন, ক্ষতিগ্রস্ত লোকজনের তালিকা করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হবে।
তারাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিপিকা দত্ত ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম বলেন, খোঁজ নিয়ে বই সংগ্রহ করে শিক্ষার্থীদের দেওয়া হবে।